অগ্নিমিত্রা-শ্বারদ্বতকে কড়া বার্তা

দফতরে বসে কাজে মন দিন, দুই মন্ত্রীকে বার্তা শুভেন্দুর

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাস্তায় নেমে ‘অতি সক্রিয়তা’ নয়, দফতরে বসে কাজে মন দিতে হবে। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দুই মন্ত্রীকে এমনই ‘পরামর্শ’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের একটি সূত্রের দাবি, মন্ত্রিসভার বৈঠকেই অগ্নিমিত্রা পাল এবং শারদ্বত মুখোপাধ্যায়কে নিজেদের দফতরের কাজে আরও বেশি করে মনোনিবেশ করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি রাস্তায় নেমে অগ্নিমিত্রার একাধিক কর্মকাণ্ড নিয়ে চর্চা শুরু হয়েছিল। কখনও ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে সব্জিবিক্রেতা বা রাস্তার ধারে দুধ ফোটানো মহিলার সঙ্গে বচসায় জড়িয়েছেন, কখনও পথ নিরাপত্তার বার্তা দিতে মাইক হাতে হুঁশিয়ারি দিয়েছেন। আবার বাজারে সাইকেল রাখা নিয়েও বিক্রেতাদের ধমক দিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর এই ধরনের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অন্য দিকে, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতও সম্প্রতি রাস্তায় নেমে জনসংযোগ এবং বিভিন্ন সরকারি হাসপাতালে আচমকা পরিদর্শনে সক্রিয় হয়েছিলেন। বুধবারই বিধাননগরে তাঁর ‘বিধায়ক দরবারে’ রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েন শারদ্বত। তার পরেই মন্ত্রিসভার বৈঠকে তাঁকেও দফতরের কাজে ‘ফোকাসড’ হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এ দিনের বৈঠকে নিয়োগ নিয়েও মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দফতর ধরে ধরে নিয়োগ সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করে শূন্যপদ পূরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সূত্রের দাবি, প্রতি দফতরে গড়ে প্রায় ১০ হাজার করে কর্মী নিয়োগের মাধ্যমে সরকারি পরিষেবা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শুভেন্দু।

কলকাতা পুলিশে ২,০০০ এবং রাজ্য পুলিশে ৬,০০০ কর্মী নিয়োগের বিষয়টিও বৈঠকে উঠে আসে। যদিও নিয়োগ সংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। সূত্রের দাবি, এই নিয়োগ দ্রুত সম্পন্ন করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি বাজেট বরাদ্দের ক্ষেত্রেও মন্ত্রীদের সতর্ক করেছেন শুভেন্দু। নির্দিষ্ট পরিকল্পনা মেনে বরাদ্দ অর্থ খরচ করতে হবে। বরাদ্দের যথাযথ ব্যবহার না হলে পরবর্তী বাজেটে অর্থ বণ্টনের সময় সমস্যা হতে পারে বলেও মন্ত্রীদের জানানো হয়েছে।