রাজনীতির প্রচলিত ময়দান ছেড়ে এবার হাসি-ঠাট্টা, স্ট্যান্ড-আপ কমেডি এবং স্যাটায়ারের মঞ্চে তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে চাইছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। জনপ্রিয় কমেডি শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর ধাঁচে তারা শুরু করেছে নতুন প্ল্যাটফর্ম ‘ককরোচ ক্লাব’। লক্ষ্য, কমেডির মোড়কে মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর এবং জওহরলাল নেহরুর আদর্শ ও ভাবনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সম্প্রতি পুণের কোথরুডের গান্ধী ভবনে প্রায় ২৫০ দর্শকের উপস্থিতিতে ‘ককরোচ ক্লাব’-এর প্রথম পর্বের শুটিং হয়েছে। মঞ্চসজ্জা থেকে ক্যামেরার সামনে বিচারকদের বসার ধরন—সবেতেই ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর ছাপ স্পষ্ট। এমনকি অনুষ্ঠানের প্রচারেও ব্যবহার করা হয়েছে ওই জনপ্রিয় শোয়ের পরিচিত গান ‘ওয়ে হোয়ে ক্যায়া সিন হ্যায়’।
তবে এর পিছনে রয়েছে নির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক বার্তা। ‘মুন্নাভাই এমবিবিএস’-এ যেভাবে হাসি-ঠাট্টার মধ্যে ‘গান্ধীগিরি’-র বার্তা দেওয়া হয়েছিল, সেই পথেই হাঁটতে চাইছে CJP। প্রথম অনুষ্ঠানের ট্যাগলাইন—‘কমেডি, স্যাটায়ার এবং বাপুকে নিয়ে আলোচনা’।

CJP-র সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার দাবি, এটি কোনও রাজনৈতিক দল নয়, বরং একটি ‘প্রেশার গ্রুপ’। ওটিটি-র কমেডি শোয়ের মতো নিয়মিত পর্ব প্রকাশের পরিকল্পনাও রয়েছে। দলের নেতা সৌরভ দাস জানিয়েছেন, কমেডি ও সিনেমা দেখানোর পাশাপাশি গান্ধী, নেহরু ও আম্বেদকরের আদর্শ নিয়ে আলোচনা হবে এই মঞ্চে। তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করাই তাঁদের লক্ষ্য।
এর আগে প্রশ্নফাঁস ও নির্বাচনী কারচুপির অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছিল CJP। এবার পুণের পর দিল্লি এবং দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ‘ককরোচ ক্লাব’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, প্রচারের ভাষা বদলে তরুণদের মন জয়ের নতুন কৌশলেই এগোতে চাইছে এই সংগঠন।