কলেজ স্ট্রিটে বামেদের মিনি বইমেলা ঘিরে ধুন্ধুমার!

উৎসবের মরশুমে বিভিন্ন জায়গায় বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের স্টলে হামলার অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে বইকেই হাতিয়ার করে পাল্টা লড়াইয়ের পথে বামপন্থীরা। সেই প্রতিবাদের অঙ্গ হিসেবেই মঙ্গলবার থেকে কলেজ স্ট্রিটে ছোট আকারে বইমেলার আয়োজন করে সিপিএম ও এসএফআই। তবে আয়োজনের শুরুতেই পুলিশের বাধার মুখে পড়েন সংগঠনের সদস্যরা।

আরপ্লাস নিউজ দিজিতাল ডেস্ক

তাঁদের দাবি, আগাম অনুমতি নেওয়া থাকলেও বইয়ের স্টল বসাতে বাধা দেয় পুলিশ। এই নিয়ে পুলিশের সঙ্গে প্রথমে বচসা এবং পরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক সদস্য। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলেজ স্ট্রিট চত্বরে। পরিস্থিতি সামাল দিতে কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যায় পুলিশ। পুলিশের বাধার প্রতিবাদে শেষ পর্যন্ত রাস্তার উপরেই বই সাজিয়ে বসে পড়েন তরুণ বাম কর্মীরা।

আগে থেকেই ঠিক ছিল, ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলের সামনে বসবে বামপন্থীদের মিনি বইমেলা। ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে এই আয়োজনের জন্য পুলিশের অনুমতিও নেওয়া হয়েছিল বলে দাবি আয়োজকদের। সেই পরিকল্পনা মেনেই মঙ্গলবার সকালে বিভিন্ন ধরনের বই নিয়ে স্টল সাজানোর প্রস্তুতি শুরু করেন এসএফআই সদস্যরা। কিন্তু তাঁদের অভিযোগ, কাজ শুরু হতেই বাধা দেয় পুলিশ। বিষয়টি মেটাতে পুলিশের সঙ্গে কথা বলতে এগিয়ে যান সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দীর্ঘক্ষণ ধরে পুলিশকে বোঝানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি বলে দাবি বাম ছাত্র সংগঠনের। শেষ পর্যন্ত পুলিশের বাধার প্রতিবাদে কলেজ স্ট্রিটের রাস্তাতেই বই সাজিয়ে বসে পড়েন এসএফআই কর্মীরা। এর জেরে দিনের ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। আটকে পড়ে একাধিক গাড়ি।

এরপর রাস্তা থেকে এসএফআই সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তা নিয়েই দু’পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বচসা। একসময় পরিস্থিতি ধস্তাধস্তিতে গড়ায়। পুলিশের বক্তব্য, কলেজ স্ট্রিটের রাস্তায় বসে বই বিক্রির অনুমতি নেই। তাই নিয়ম ভেঙেই কর্মসূচি চালাচ্ছেন এসএফআই সদস্যরা। এরপরই বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সমাজমাধ্যমে সরব হন সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ফেসবুকে একটি পোস্টে তিনি বইকেই আন্দোলনের প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরে লেখেন, ‘আমাদের হাতিয়ার বই, বই, আরও বই, আরও বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।’