‘দাবি না মানলে ফের ধর্না’, কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

“কেন্দ্রের তরফে এখনও কোনও পরিবারই এক কোটি টাকা করে ক্ষতিপূরণ পায়নি।”

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : NEET-UG পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি এখনও পূরণ হয়নি। সেই দাবি-সহ অন্যান্য প্রতিশ্রুতি কার্যকর না হলে ফের ধর্নায় বসার হুঁশিয়ারি দিল কক্‌রোচ জনতা পার্টি (CJP)। সোমবার সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেন, কেন্দ্রের তরফে এখনও কোনও পরিবারই এক কোটি টাকা করে ক্ষতিপূরণ পায়নি।

দীপকের বক্তব্য, ‘‘সরকারকে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করতে হবে। তা না হলে আমাদের আবার প্রতিবাদে বসতে হবে।’’ তাঁর অভিযোগ, ক্ষতিপূরণ দেওয়ার আগে নিয়মকানুন খতিয়ে দেখার কথা বলছে সরকার। এ নিয়ে কেন্দ্রের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

NEET-UG প্রশ্নফাঁসের প্রতিবাদে CJP-র আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল, পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় মৃতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ। পাশাপাশি তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহারের দাবিও জানিয়েছিল তারা। ৩৭ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালানোর পর গত ২৫ জুলাই ধর্না প্রত্যাহার করে CJP। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাদের অন্যতম দাবি পূরণ হয়। বাকি দাবিগুলি নিয়েও কেন্দ্রের তরফে আশ্বাস মিলেছিল বলে দাবি আন্দোলনকারীদের।

তবে নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছেন দীপকে। তাঁর অভিযোগ, বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্ত ধর্ষকদের মুক্তির পর তাঁদের মালা পরানোর ঘটনায় জোশীর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর বক্তব্য, ‘‘স্কুলপড়ুয়া মেয়েরা এমন ঘটনা কী ভাবে দেখবে?’’ তাই নতুন শিক্ষামন্ত্রীর নিয়োগ তাঁরা সমর্থন করছেন না বলে জানিয়েছেন CJP নেতা।

২০ জুলাইয়ের বিক্ষোভে পুলিশকর্মীদের উপর হামলা ও পাথর ছোড়ার অভিযোগ নিয়েও সরব হয়েছেন দীপকে। তাঁর দাবি, আন্দোলনকে ‘বদনাম’ করার জন্য বাইরে থেকে কিছু লোককে পাঠানো হয়েছিল এবং দিল্লি পুলিশের সঙ্গে তাদের ‘যোগসাজশ’ ছিল। তাঁর আরও অভিযোগ, ১৯ জুলাই যন্তর মন্তরে মঞ্চের পিছনে পাথরবোঝাই একটি ট্রাক রাখা হয়েছিল। পরের দিনই বিক্ষোভস্থলে পাথর ছোড়ার ঘটনা ঘটে বলে দাবি তাঁর।

এই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেছেন CJP প্রতিষ্ঠাতা। তাঁর প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীন দিল্লি পুলিশের উপস্থিতিতে কী ভাবে এমন ঘটনা ঘটল? আন্দোলনস্থলে অপরাধীদের অবাধ বিচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অন্য দিকে, ২০ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সংসদে অমিত শাহের জবাব দাবি করেছে বিরোধী দলগুলি। ফলে NEET আন্দোলন ঘিরে কেন্দ্র ও বিরোধীদের রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করল CJP।