‘ভোট চুরি’র অভিযোগে দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে এ বার দেশ জুড়ে পথে নামল কংগ্রেস। সোমবার একাধিক রাজ্যে বিক্ষোভ দেখিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি তুলেছে কংগ্রেস। দলের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে এবং এর ফলে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে।
হায়দরাবাদে তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মহেশ কুমার গৌদের নেতৃত্বে ইন্দিরা গান্ধীর মূর্তি থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল হয়। সেখানে ছিলেন কংগ্রেস সাংসদ কিরণ কুমার চামালা-সহ দলের একাধিক নেতা। চামালা জানান, জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেবে দল।
চামালার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রভাবেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, যাতে তাঁরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেন। যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনও প্রমাণ প্রকাশ্যে তুলে ধরেননি। ২০২৫ সালের ভোটার তালিকা বাতিল করে বাদ পড়া প্রায় ১৩ কোটি ভোটারের নাম পুনর্বহালের দাবিও জানান তিনি।
একই দিনে পটনায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বাম দলগুলি। কংগ্রেসের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করেন শ্রীনগর এবং লখনউতেও।
দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশ জুড়েই এই প্রতিবাদ চলছে। তাঁর অভিযোগ, ‘‘নির্বাচনের ম্যান্ডেট চুরি করা হচ্ছে।’’ এসআইআর-কে ‘অবৈধ’ বলেও দাবি করেন তিনি।
খেরার যুক্তি, ভোটার তালিকায় ব্যবহৃত ফর্ম ৬-এ কোনও সংশোধন আনতে হলে তা সংসদে পেশ করে অনুমোদন করানো প্রয়োজন। তাঁর দাবি, তা করা হয়নি। ফলে এসআইআর-ও বেআইনি এবং সেই প্রক্রিয়ায় ভোটার তালিকায় সংযোজন বা বিয়োজনও অবৈধ—এমনই দাবি কংগ্রেসের।
এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবি আরও জোরালো করেছে কংগ্রেস। নির্বাচন কমিশন অবশ্য এসআইআর নিয়ে বিরোধীদের অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান আগেই জানিয়েছে।