খাদ্যে ভেজাল ও ব্যবসায়িক অনিয়ম রুখতে ধূপগুড়ি শহরের বিভিন্ন বাজারে প্রশাসনের যৌথ অভিযান। ক্রেতা সুরক্ষা দফতর ও খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকদের সঙ্গে অভিযানে পুলিশ ও দমকল বাহিনীও ছিল।

সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা
জেলা প্রশাসনের নির্দেশে জেলা জুড়ে অভিযান চলছে।এদিন ধূপগুড়ি শহরের মাছ ও সবজি বাজারের পাশাপাশি কাঁচামাল ও মুদিখানা দোকান গুলিতেও আচমকা অভিযান চালানো হয়। আধিকারিকরা বিভিন্ন দোকানে মজুত ও বিক্রির জন্য রাখা খাদ্য সামগ্রীর গুণগত মান খতিয়ে দেখেন। খাদ্যসামগ্রী খাওয়ার উপযোগী কি না,মেয়াদ ও সংরক্ষণবিধি মানা হচ্ছে কি না,পাশাপাশি নিষিদ্ধ কোনও পদার্থ মজুত আছে নাকি সেগুলিও পরীক্ষা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে অভিযান চলাকালীন কয়েকটি দোকানে নানা ধরনের অনিয়ম ও ত্রুটি নজরে আসে।সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
পুজোর আগে বাজারে খাদ্যসামগ্রীর চাহিদা বাড়ার সময়েই এই অভিযান তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রেতাদের একাংশ।দীর্ঘদিন ধরেই বিশেষ করে মাছ, মাংস, সবজি,মুদিখানা – সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর গুণগত মান ও নিরাপত্তা নিয়ে নজরদারি বাড়ানোর দাবি রয়েছে।
তবে এদিনের অভিযান নিয়ে উপস্থিত আধিকারিকরা সংবাদমাধ্যমের কাছে কোনও বক্তব্য দিতে চাননি।