“বাংলাদেশ ভোট” হ্যাশট্যাগ ঘিরে বিতর্ক

সোনারপুর দক্ষিণে লাভলী মৈত্রের পোস্টে রাজনৈতিক তরজা শুরু।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্র-এর একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। নির্বাচনের প্রাক্কালে করা ওই পোস্টকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরে চাপানউতোর তুঙ্গে উঠেছে।
নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাভলী মৈত্র লিখেছিলেন, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।” সাধারণ এই বার্তার পাশাপাশি পোস্টের নিচে কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। সেখানেই ‘বাংলাদেশ ভোট’ হ্যাশট্যাগটি নজরে আসে এবং তা নিয়েই শুরু হয় বিতর্ক।
বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধীদের দাবি, এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহারের পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট করা উচিত। এই ইস্যুকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি শিবির।


একই কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি এই প্রসঙ্গে বলেন, “যা বলা হয়েছে, তা ঠিক বলা হয়নি।” যদিও তিনি বিস্তারিতভাবে আর কোনও মন্তব্য করতে চাননি, তবে তাঁর বক্তব্যে ইঙ্গিতপূর্ণ সমালোচনার সুর স্পষ্ট।
অন্যদিকে, এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি লাভলী মৈত্র। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান এবং কোনও মন্তব্য করতে চাননি বলে জানা গেছে।
সব মিলিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সোনারপুর দক্ষিণের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভোটের আগে এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।