Jammu and Kashmir: ফের জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর, সন্ত্রাসীদের গুলিতে শহিদ পুলিশকর্মী, জারি রয়েছে অভিযান

সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা

আবারও জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir)। এবার ঘটনাস্থলে উধমপুর জেলার সোয়ান এলাকা। আর এই হামলায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। অন্যদিকে বাহিনীর গুলিতে আহত এক জঙ্গি।  জানা যাচ্ছে, ওই এলাকায় তিনজন সশস্ত্র জঙ্গি রয়েছে। ফলে গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে এনকাউন্টার অভিযান। যদিও হামলাকারীরা কোন সংগঠনের সদস্য, তা এখনও স্পষ্ট হয়নি। এমনকী তাঁরা পাকিস্তান থেকে চোরাপথে এদেশে এসেছে কিনা, তাও এখনও স্পষ্ট নয়।

সোমবার রাত থেকেই জঙ্গিদের খোঁজে অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশের ‘স্পেশাল অপারেশন গ্রুপ’, সঙ্গী হয়েছে সেনা, সিআরপিএফ এবং আধাসেনাও। গোপনসূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারেই অভিযান শুরু করেছিল পুলিশ। বিপদ বুঝে প্রথমে জঙ্গিরা হামলা চালায়। পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। এই গুলি বিনিময়ের মধ্যেই মঙ্গলবার সকালে গুরুতর আহত হন পুলিশকর্মী আমজাদ পাঠান। তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়।

মৃত আমজাদ পাঠান পুঞ্জের মেন্ধারের বাসিন্দা। অন্যদিকে পাল্টা গুলিতে আহত হয়েছে এক জঙ্গি। যদিও তাঁকে উদ্ধার করা হয়েছে কিনা সেই বিষয়টি এখনও জম্মু-কাশ্মীর পুলিশ জানাননি। এদিকে বাকি জঙ্গিদের এখনও নিরস্ত্র করা যায়নি বলেই খবর। সেই কারণে এখনও জারি রয়েছে এনকাউন্টার অভিযান।