‘জমা জলে ঘেরাও হবে কাউন্সিলরদের বাড়ি’

বারুইপুর পুরসভায় বিজেপির হুঁশিয়ারি। বেহাল পুরপরিষেবা নিয়ে সরব বিজেপি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : জমা জল ও নোংরা পানীয় জল নিয়ে বারুইপুর পুরসভা ঘেরাও করল বিজেপি। মঙ্গলবার বারুইপুর পশ্চিম নগর মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্বে পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখানো হল।

বিজেপির অভিযোগ, ভারী বৃষ্টি হলেই পুরসভার ১৭টি ওয়ার্ডের অধিকাংশতেই জল জমে। বেহাল জলনিকাশি। পানীয় জলেও নোংরা। এর আগে ২ বার জানিয়েও কাজ হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সমর্থকেরা।

বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তীর হুঁশিয়ারি, এবার জমা জলের মধ্যেও ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলরদের ঘেরাও করা হবে। নোংরা জল খাওয়ানো হবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানকে। কাজ করতে না পারলে পুরসভা ছাড়ুন, দাবি বিজেপি নেতৃত্বের।