মাদক বিক্রির প্রতিবাদ করায় এক দম্পতিকে মারধরের অভিযোগ

মাদক বিক্রির প্রতিবাদ করায় এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল মল্লিকপুরে।বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সুর চড়ানোয় এক দম্পতিকে দফায় দফায় মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠল। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। নিরাপত্তার অভাবে আপাতত ভিটেমাটি ছেড়ে বাড়িছাড়া হতে বাধ্য হয়েছেন আক্রান্ত দম্পতি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকপুর এলাকার এক পুকুরপাড়ে ওই মহিলাকে উদ্দেশ্য করে কিছু দুষ্কৃতী অশালীন মন্তব্য করে। মহিলা ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

স্ত্রীর ওপর এই অত্যাচারের প্রতিবাদ জানাতে এবং কারণ জানতে গেলে স্বামীকেও বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। অভিযোগ, মূল গণ্ডগোলের নেপথ্যে রয়েছে এলাকায় মাদক বিক্রির বিরুদ্ধে ওই দম্পতির সোচ্চার হওয়া। মাদক কারবারের প্রতিবাদ করার কারণেই তাঁদের ওপর এই আক্রমণ চালানো হয়। দিনের বেলার এই ঘটনার পর রাতেও তাণ্ডব থামেনি। গভীর রাতে দুষ্কৃতীরা দলবল নিয়ে আক্রান্ত দম্পতির বাড়িতে চড়াও হয়। সেখানে ঢুকে ঘরবাড়ি ভাঙচুরের চেষ্টা চালানো হয় এবং দম্পতিকে প্রাণনাশের চরম হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিজেদের নিরাপত্তার খাতিরে ওই দম্পতি রাতারাতি এলাকা ছাড়তে বাধ্য হন। আক্রান্ত স্বামী সারফুদ্দিন পরবর্তীতে বারুইপুর থানায় পৌঁছে ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​দায়ের করা এফআইআর (FIR)-এ এলাকার ৬ জন দুষ্কৃতীর নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। বারুইপুর থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।