পুজো দিয়ে ফেরার পথে বেপরোয়া গাড়ি চালানোর বলি এক দম্পতি। হাহাকার বৃদ্ধ পিতামাতার।

মৌসুমী সাহা, নিজস্ব প্রতিনিধিঃ- ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর কসবেশ্বরী কালী মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দুই দম্পতি সহ তাদের পরিবার। পুজো দেওয়ার পর পরিবারের সকলকে গাড়িতে ফিরতে বলে নিজেরা একটু নৌকাঘাট যাবেন বলে স্কুটিতে রওনা দেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পদস্থ কর্মচারী দিবাকর ঘোষ এবং তার স্ত্রী প্রিয়ঙ্কা ঘোষ। রাস্তায় তাঁদের গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। তার ফলে ঘটনাস্থলেই প্রাণ যায় প্রিয়ঙ্কা ঘোষের। দিবাকর ঘোষকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁরও। রবিবার পরিবারের আপত্তি সত্বেও স্কুটিতে চড়ে নৌকাঘাটের পথে যাবার সময়েই এই দুর্ঘটনা। ঘটনার পর দিবাকর ঘোষের মা একেবারেই দিশেহারা। তাঁকে কোনও মতে সামলাচ্ছেন হতভাগ্য বাবা।

যে গাড়ি চালকের কারণে প্রাণ গিয়েছিল দম্পতির তিনি জীবন দেবনাথ। ফাঁকা রাস্তায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণেই প্রাণ যায় ওই দম্পতির। জীবন দেবনাথ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। স্থানীয় মানুষদের অভিযোগ, রাস্তায় বাড়ছে যানবাহনের সংখ্যা, নেই কোনও ভালো ট্রাফিক ব্যবস্থা। হয় না কোন দেখভাল। যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি সাধারণ মানুষের।