ডায়মন্ড হারবার মডেল! লাইব্রেরিতে বই নেই, তাকজুড়ে পেটি পেটি মদ — কপাটহাটে চাঞ্চল্য।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের কপাটহাট এলাকায় একটি লাইব্রেরি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, যে লাইব্রেরিতে বই থাকার কথা, সেখানে তাকজুড়ে ছিল পেটি পেটি মদের বোতল। গতকাল গভীর রাতে বিজেপি কর্মী-সমর্থকরা লাইব্রেরিতে অভিযান চালিয়ে এই চিত্র সামনে আনেন বলে দাবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই লাইব্রেরিটি পাঠাগার হিসেবে ব্যবহার হচ্ছিল না বলে অভিযোগ ছিল। দরজা খুলতেই ভিতরে বইয়ের বদলে মদের কার্টন ও বোতল দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যান পুলিশ আধিকারিকরা।
বিজেপির অভিযোগ, তৃণমূলের একাংশ লাইব্রেরিটি দখল করে মদের গুদাম বানিয়েছিল। যদিও অভিযোগের বিষয়ে এখনও তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে একেবারে ধসে পড়েছে তৃণমূলের সংগঠন। একের পর এক নেতার পদত্যাগ, কোনায় কোনায় জমে থাকা দুর্নীতির পর্দাফাঁস আর তৃণমূল নেতাদের হাজতবাস, এই ছবিই এখন দেখা যাচ্ছে রাজ্যজুড়ে। নিত্যদিনই কোনও না কোনও হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হচ্ছে। রাত পোহালেই উঠে আসছে নিত্যনতুন নেতার নাম এবং তাঁদের বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। এরইমধ্যে ডায়মন্ডহারবারে দেখা মিলল এমন একটি লাইব্রেরি, যেখানে সারি সারি মদের বোতল ভর্তি। তৃণমূলের আমলে সরকারি স্কুলগুলির পরিস্থিতি প্রায় ধসে গিয়েছে। কলেজেও ছাত্র ভর্তির নামে কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। এবার এবার লাইব্রেরিতে বইয়ের বদলে মিলছে মদের বোতল, তাও আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারে। যা নিয়ে চর্চা তুঙ্গে।