‘খেলা হবে’ স্লোগানের হাত ধরে রাজ্য রাজনীতিতে বিশেষ পরিচিতি তৈরি করেছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে এবার রাজনৈতিক ময়দান নয়, ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। জীবনের নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের দিলেন সুখবর। বাগদান সারলেন দেবাংশু।

যশোবন্ত বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা
গত রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে স্ট্যাটাসে ‘Engaged’ লিখে বাগদানের খবর প্রকাশ্যে আনেন তিনি। আর তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে চর্চা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তৃণমূল নেতা। তাঁর হবু জীবনসঙ্গীর নাম মেঘনা।
সূত্রের খবর, প্রায় ছয় বছর ধরে একে অপরকে চেনেন দেবাংশু ও মেঘনা। গত এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। এবার সেই সম্পর্কই পরিণতি পেতে চলেছে।
দেবাংশুর হবু স্ত্রী মেঘনা হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। একসময় বিমানসেবিকা হিসেবে কাজ করতেন তিনি। পরবর্তীতে দুবাইয়ের একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে কলকাতার একটি সংস্থায় কাজ করছেন মেঘনা।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ স্লোগানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দেবাংশু। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করলেও জয় অধরা থেকেছে তাঁর।
এদিকে বাগদানের দিন দেবাংশুর পরনে ছিল মেরুন রঙের পাঞ্জাবি। অন্যদিকে মেঘনাকে দেখা যায় সোনালি ভারী বর্ডার দেওয়া মেরুন বেনারসিতে। খোলা চুল, মানানসই গয়না এবং হাতে একগুচ্ছ লাল গোলাপ—সব মিলিয়ে নজর কেড়েছেন হবু কনে।
রাজনৈতিক ব্যস্ততা ও নানা বিতর্কের বাইরে এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন দেবাংশু। আগামী ফেব্রুয়ারিতে তাঁদের চার হাত এক হওয়ার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরাও।