গঙ্গাসাগরে তছনছ কপিল মুনির আশ্রম সংলগ্ন সাগরপাড়, আতঙ্কে এলাকাবাসী।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এবং অমাবস্যার ভরা কটালের জেরে ফের ভয়াবহ ভাঙন দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে। উত্তাল সমুদ্রের ঢেউয়ের আঘাতে তছনছ হয়ে গিয়েছে গঙ্গাসাগরের পবিত্র তীর্থক্ষেত্র কপিল মুনির আশ্রমের সামনের সৈকত। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রের জলে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত স্নানের ঘাট সম্পূর্ণ ভেঙে গিয়েছে। পাশাপাশি জলের তোড়ে উপড়ে পড়েছে বেশ কয়েকটি বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটি। জোয়ারের সময় সমুদ্রের জল এতটাই ফুলেফেঁপে উঠছে যে তা ক্রমশ কপিল মুনির আশ্রমের দিকে এগিয়ে আসছে, যা নিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে।

এদিকে, এই ভয়াবহ পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। ভাঙন কবলিত এলাকায় যাতে সাধারণ মানুষ বা পর্যটকরা ভিড় না জমান, তার জন্য ব্লক প্রশাসন এবং গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সরকার সহ একাধিক পুলিশ আধিকারিকরা সৈকতজুড়ে কঠোর পাহারা ও নজরদারি চালাচ্ছেন। ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক স্তরের স্বীকৃতি পেতে চলেছে—মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার মাঝেই এই ভয়াবহ ভাঙন প্রশাসনকে নতুন করে ভাবিয়ে তুলেছে। মেলা শুরুর আগে এই ভাঙন রোধ করা এখন প্রশাসনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।