স্বাধীনতা দিবসের আগে দিল্লির পাঁচ জায়গায় বোমা হামলার হুমকি, তৎপর প্রশাসন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : স্বাধীনতা দিবসের এক দিন আগে, শুক্রবার দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, জামনগর হাউস, ঝান্ডেওয়ালানের ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, সাকেতের জেলাশাসকের দফতর, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম দফতরে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
খবর পেয়েই প্রতিটি জায়গায় দমকলের গাড়ি পাঠানো হয়। নিরাপত্তা বাহিনী এবং বম্ব স্কোয়াড তল্লাশি চালায়। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক উদ্ধার হয়নি বলে প্রশাসন সূত্রে খবর।
এর মধ্যেই গত ৩ অগস্ট দিল্লির মেয়রের দফতরে পাঠানো একটি ই-মেলে ১৫ অগস্ট লালকেল্লায় একাধিক বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। খবর পেয়েই দিল্লি পুলিশ-সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা লালকেল্লা ও সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। পরে সেই হুমকিও ভুয়ো বলে জানা যায়।

গত ১১ জুলাইও ফোনে লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে আসা সেই ফোনের খবর দিল্লি পুলিশকে জানানো হলে লালকেল্লায় নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি চালানো হয়। মেলেনি কোনও বিস্ফোরক।
শনিবার লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিপুল ভিড় এবং কড়া যান নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে দিল্লি জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।