‘মা-বাবাকে অশান্তিতে রাখলে বাড়ি ছাড়তেই হবে সন্তানকে’ !

বয়স হয়েছে। নিজের বাড়িতে শান্তিতে থাকতে চান। কিন্তু সেই বাড়িতেই যদি ছেলে ও পুত্রবধূর সঙ্গে প্রতিদিন অশান্তি, হয়রানি আর হুমকির মুখে পড়তে হয়, তা হলে তাঁদের সঙ্গে জোর করে থাকতে হবে না। ৮৫ বছর বয়সি এক বৃদ্ধের মামলায় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানাল, নিজের বাড়িতে নিরাপদে, শান্তিতে এবং মর্যাদার সঙ্গে থাকার অধিকার প্রবীণ বাবা-মায়ের রয়েছে। প্রয়োজনে সেই অধিকার রক্ষায় সন্তান ও পুত্রবধূকে বাড়ি থেকে বের করেও দেওয়া যেতে পারে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বৃদ্ধের স্ব-অর্জিত সম্পত্তি থেকে তাঁর বড় ছেলে ও পুত্রবধূকে চার সপ্তাহের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁদের উচ্ছেদের আবেদন খারিজ করা জেলা ম্যাজিস্ট্রেট এবং ডিভিশনাল কমিশনারের আগের নির্দেশও বাতিল করা হয়েছে।

মামলাকারীর দাবি, ১৯৮০ সালে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি থেকে ওই সম্পত্তি পেয়েছিলেন তিনি। ২০০০ সালে সেটিকে ফ্রিহোল্ড করেন। ২০০৩ সালে বিয়ের পর বড় ছেলে ও পুত্রবধূ ওই বাড়িতে থাকতে শুরু করেন। পরে তাঁদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। বাড়ি ছেড়ে অন্যত্র থাকার কথা বললেও তাঁরা রাজি হননি। বরং বৃদ্ধকে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ।

২০২০ সালে স্ত্রীর মৃত্যুর পর পরিস্থিতি আরও খারাপ হয় বলে আদালতে জানান বৃদ্ধ। ২০২২ সালে তাঁকে হুমকি দেওয়া এবং ছোট ছেলেকে মারধরের অভিযোগ তুলে পুলিশের কাছেও গিয়েছিলেন তিনি।

এর পর ২০০৭ সালের ‘মেন্টেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট’-এর আওতায় ছেলে ও পুত্রবধূকে উচ্ছেদের আবেদন করেন বৃদ্ধ। কিন্তু জেলা প্রশাসন অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই জানিয়ে আবেদন খারিজ করে দেয়। বড় ছেলের দাবি ছিল, এটি আসলে ভাইদের ব্যবসায়িক বিবাদ। বাবার দেখভাল করার পাশাপাশি মাসে ১৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও তাঁরা দিয়েছিলেন।

তবে হাইকোর্ট জানায়, নিজের সম্পত্তি থেকে সন্তানদের সরাতে প্রবীণকে সবসময় নির্যাতন বা ভরণপোষণ না পাওয়ার কঠোর প্রমাণ দিতে হবে, এমন নয়। বাড়ির ভিতরের নির্যাতনের প্রত্যক্ষ প্রমাণ জোগাড় করাও অনেক সময় কঠিন। তাই নিজের বাড়িতে শান্তি ও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারকেও গুরুত্ব দিতে হবে।