দীপাবলির পর বিষাক্ত দিল্লির হাওয়া!

দীপাবলির রাত পেরোতেই আরও বিষাক্ত দিল্লির বাতাস। সোমবার সকাল থেকেই রাজধানীর বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় ঘন ধোঁয়াশায়। কোথাও দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, পথ চলতেও সমস্যায় পড়েন সাধারণ মানুষ। একাধিক এলাকায় বায়ুর গুণমান ‘ভয়াবহ’ বা ‘সিভিয়ার’ শ্রেণিতে পৌঁছে যায়। সকাল ১০টায় দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (DTU)-তে বায়ু মানের সূচক (AQI) পৌঁছয় ৪৩৯-এ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য অনুযায়ী, DTU-র পরেই ছিল বুরারি ক্রসিং—৪৩৩। বিবেক বিহারে AQI ৪২১। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাস এবং সোনিয়া বিহারে তা ৪১৯। বাওয়ানায় ৪১৮, জাহাঙ্গিরপুরীতে ৪১৫, আইটিও-তে ৪১৪, পঞ্জাবি বাগে ৪১০ এবং চাঁদনি চক ও পটপড়গঞ্জে ৪০৯ করে। মুন্ডকায় ৪২৫ এবং রোহিণীতে ৪১৭-ও রেকর্ড হয়েছে।

তবে রাজধানীর সর্বত্র পরিস্থিতি একই রকম ছিল না। আলিপুরে AQI ছিল ৩৭৪, লোদি রোডে ৩৭৭, ওখলা ফেজ-২-তে ৩৫২। আনন্দ বিহারে ৩২২ এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ ৩০৭।

সকাল থেকে ইন্দ্রলোক-সহ একাধিক এলাকায় ঘন ধোঁয়াশার চাদর দেখা যায়। দূষণ কমাতে AIIMS-এর কাছে রিং রোডে অ্যান্টি-স্মগ গান দিয়ে জল ছেটাতেও দেখা যায়।

এই পরিস্থিতিতে সরকারকে নিশানা করেছেন আপ প্রধান সৌরভ ভরদ্বাজ। তাঁর অভিযোগ, AQI-এর প্রকৃত তথ্য প্রকাশ করা হচ্ছে না। দূষিত এলাকার কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র বন্ধ করে তুলনামূলক সবুজ ও দূরবর্তী এলাকায় নতুন কেন্দ্র বসানো হয়েছে বলেও দাবি তাঁর। যদিও এই অভিযোগের স্বাধীন ভাবে সত্যতা যাচাই হয়নি।

দীপাবলির আগেই দিল্লি-সহ গোটা NCR-এ GRAP-এর তৃতীয় ধাপ চালু করেছিল CAQM। ৪০১ থেকে ৫০০ AQI-কে ‘সিভিয়ার’ হিসেবে চিহ্নিত করা হয়। ফলে পরিস্থিতি সামলাতে আরও কড়া দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রয়েছে।