অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত যোগ্য মহিলাদের অন্তর্ভুক্তির দাবি,মুখ্যমন্ত্রীকে চিঠি সাংসদ সৌমিত্র খাঁর

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত যোগ্য মহিলা কোনও কারণবশত অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের অবিলম্বে যোজনার আওতায় আনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
গত ১৯ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে সাংসদ উল্লেখ করেছেন, বহু যোগ্য মহিলা বারবার আবেদন করেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি। বাদ পড়া মহিলাদের আবেদনপত্রের আইডি ও তালিকা চিঠির সঙ্গে সংযুক্ত করে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।
সাংসদের এই উদ্যোগে খুশি এলাকার বঞ্চিত মহিলারা। কোতুলপুরের মনিকা খাঁ বলেন, কুড়ি জন মিলে আবেদন করেছিলাম, বিডিও অফিস থেকে অনলাইন সব জায়গায় ঘুরেছি, একবারও পাইনি। সাংসদ আমাদের হয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, তাঁকে ধন্যবাদ।
একই সঙ্গে রেণুকা রায়, রুমা নন্দী ও অর্পিতা পালদের বক্তব্য, ব্যস্ততার মধ্যেও সাংসদ আমাদের কথা ভেবেছেন, এটা প্রশংসনীয়। আমরা আশাবাদী, এবার যোগ্য মহিলারা বিচার পাবেন।