বাজি পোড়ানো নিয়ে আলোচনা করতে গিয়ে হোয়াট্সঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পরেই তাঁকে নিলম্বিত করেছে রাজ্য পুলিশ। সোমবার সকালে পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা ৬৭৮ নম্বর নির্দেশিকায় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কথা জানানো হয়েছে। সাসপেন্ড থাকাকালীন সময়ে তাঁর অর্ধেক বেতনও কেটে নেওয়া হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। ১৯৯৯ সালে পুলিশে চাকরিতে যোগ দেওয়া কর্মীদের একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপে বাজি পোড়ানো নিয়ে আলোচনা চলছিল। সেই সময় এক পুলিশকর্মী মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। পোস্টটি ঘিরে গ্রুপেই তীব্র বিতর্ক শুরু হয়। পরে সংশ্লিষ্ট পুলিশকর্মী পোস্টটি মুছে দিয়ে ক্ষমাও চান। কিন্তু তার আগেই পোস্টটির স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের শীর্ষ মহলের নজরে আসার পরেই ব্যবস্থা নেওয়া হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মী হয়ে সমাজমাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করার অভিযোগের তদন্ত হবে। সরকার বদলের পর থেকেই সরকারি কর্মচারীদের প্রকাশ্যে মতপ্রকাশের ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে রাজ্য। চলতি বছরের ২০ মে অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস-সহ বিভিন্ন স্তরের কর্মীদের সংবাদমাধ্যমে তথ্য দেওয়া, লেখালিখি বা অন্য কোনও মিডিয়া কার্যকলাপে অংশগ্রহণ নিয়ে নির্দেশিকা জারি করেছিল নবান্ন। ২১ মে তা সংশোধন করে নিয়মিত সরকারি দফতরের কর্মীদের ক্ষেত্রে নির্দেশিকাটি প্রযোজ্য বলে জানানো হয়।
এর আগে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দুই ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকও নিলম্বিত হয়েছিলেন। ২০২৫ সালে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন পুলিশের হোয়াট্সঅ্যাপ গ্রুপে বিজেপির মিছিল ও শুভেন্দুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন এক আধিকারিক। অন্য জন তাঁকে সমর্থন করেছিলেন। রাজ্যে পালাবদলের পর গত জুলাইয়ে সেই কথোপকথনের স্ক্রিনশট লালবাজারে পৌঁছলে দু’জনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়।