কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার ভোরে পাম অ্যাভিনিউয়ের একটি বস্তিতে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। আগুন নেভানোর কাজে নামে মোট ১৪টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিক অনুমান, বস্তির ভিতরে থাকা একটি গুদামঘর থেকেই প্রথম আগুন ছড়িয়ে পড়ে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বস্তিতে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, এলাকার একটি গুদামঘর থেকেই আগুনের সূত্রপাত। বৃহস্পতিবার ভোরে প্রথমে ওই গুদামঘরে আগুন লাগে। পরে দ্রুত তা আশপাশের জায়গায় ছড়িয়ে পড়ে। ফলে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
বস্তি এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন মুহূর্তের মধ্যে আশপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুনের ভয়াবহতায় গুদামঘরের কাছাকাছি থাকা বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় সিলিন্ডার বিস্ফোরণের মতো জোরালো শব্দও শোনা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলকর্মীরা দ্রুত বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যান। তাঁদের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।দমকল সূত্রে জানা গিয়েছে, মোট ১৪টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ চলে। দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার সকাল পৌনে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।