আকড়া -সন্তোষপুরে বিধ্বংসী আগুন

ওভারহেডের লাইনে আগুন, বিঘ্নিত ট্রেন চলাচল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার আকড়া সন্তোষপুর এলাকা। রেললাইনের ধারে গড়ে ওঠা একটি বস্তিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় প্রায় ৪০টি ঝুপড়ি ঘর। আগুনের ভয়াবহতায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা।

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে আচমকাই বস্তি এলাকা থেকে আগুনের শিখা দেখা যায়। ঘিঞ্জি পরিবেশ এবং দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছানোর আগেই একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ বাঁচাতে কোনও রকম প্রাণ বাঁচিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আগুনের লেলিহান শিখা এতটাই প্রবল ছিল যে তা রেললাইনের দিকেও ছড়িয়ে পড়ে। আগুন লাগে রেলের ওভারহেড তারেও।

ঘটনার জেরে মারাত্মক প্রভাব পড়ে শিয়ালদহ-বজবজ শাখা রেলপথে। ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার খাতিরে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে এই গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। চরম ভোগান্তির মুখে পড়েছেন শয়ে শয়ে নিত্যযাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরিস্থিতির ভয়াবহতা বুঝে পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। রেল পরিষেবা স্বাভাবিক করতে তৎপর পূর্ব রেল কর্তৃপক্ষ।