বারুইপুরে এসে তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: বারুইপুর মহকুমার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রকে ঘিরে মনোনয়নপত্র জমার দিন রাজনৈতিক উত্তাপ ছিল চোখে পড়ার মতো। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলীর সমর্থনে এদিন হাজির হন কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাঁর উপস্থিতিতে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়। মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে বারুইপুর মহকুমা শাসকের দপ্তর চত্বর।
মনোনয়ন জমা দেওয়ার আগে রূপা গাঙ্গুলীকে সঙ্গে নিয়ে একটি বড় মিছিল করেন বিজেপি নেতারা। সেই মিছিলে অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও। মিছিল ঘিরে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। তবে উত্তেজনার আবহ থাকলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন রাম মেঘওয়াল বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। তিনি বলেন, “বাংলার মানুষ সুশাসনের জন্য বিজেপিকে বেছে নিতে শুরু করেছে, সেটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। গত ১৫ বছর ধরে রাজ্যে দুর্নীতি ও তুষ্টিকরণের রাজনীতি চলছে। সাধারণ মানুষ সেই বাস্তবতা অনুধাবন করেছেন।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে যেখানে ‘ডাবল ইঞ্জিন’ সরকার রয়েছে, সেখানে উন্নয়নের গতি অনেক দ্রুত হয়েছে। পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “বাংলার মানুষও সেই উন্নয়নের স্বাদ পেতে চান। তাই এবার পরিবর্তনের হাওয়া বইছে রাজ্যে।”
বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলীও এদিন আত্মবিশ্বাসী সুরে কথা বলেন। তিনি জানান, এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এবং উন্নয়নের দাবিতে তাঁরা একজোট হচ্ছেন। স্থানীয় সমস্যাগুলিকে সামনে রেখে তিনি লড়াইয়ে নামছেন বলেও জানান তিনি। রাস্তাঘাট, পানীয় জল, কর্মসংস্থান—এই সব ইস্যুকে গুরুত্ব দিয়েই প্রচার চালানো হবে বলে জানান বিজেপি প্রার্থী।
অর্জুন রাম মেঘওয়াল তাঁর বক্তব্যে আরও বলেন, “বাংলায় আর তুষ্টিকরণের রাজনীতি চলবে না। মানুষ উন্নয়ন চান, স্বচ্ছ প্রশাসন চান। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই এই পরিবর্তন আসবে এবং তৃণমূলকে বাংলার মানুষ বিদায় জানাবে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
সব মিলিয়ে, মনোনয়নপত্র জমার দিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক আবহ বেশ গরম ছিল। আগামী দিনে এই কেন্দ্রের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছেন রাজনৈতিক।