রক্তচন্দন পাচার, জঙ্গলে গোপন অভিযান! ট্রেলারে চমক

দক্ষিণী তারকা ধনুষের নতুন ছবি ‘ওম: চ্যাপ্টার ১, উধিরাম: দ্য ব্লাড উড’-এর ট্রেলার মুক্তি পেল শুক্রবার। ১৩ নভেম্বর প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের শেশাচলম অরণ্যে রক্তচন্দন পাচারচক্রের কাহিনি। ছবিতে ধনুষের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সাই পল্লবী ও মম্মুট্টি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ট্রেলারে ধনুষকে দেখা গিয়েছে তামিলনাড়ু স্পেশাল টাস্ক ফোর্সের এক অফিসারের চরিত্রে। রক্তচন্দন পাচারের বিশাল নেটওয়ার্কের হদিস পেতে গোপনে সেই চক্রে ঢুকে পড়েন তিনি। তামিলনাড়ুর অর্গানাইজ়ড ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য ওই পুলিশকর্তা কাঠুরের ছদ্মবেশে পাচারকারীদের দলে যোগ দেন।

এর পরেই শুরু হয় আসল অভিযান। পাচারকারীদের সঙ্গে কাজ করতে করতে ধীরে ধীরে তাঁদের বিশ্বাস অর্জন করেন ধনুষের চরিত্র। কিন্তু ট্রেলারের বেশ কিছু দৃশ্যে তাঁকেই আবার পুলিশের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে। ফলে তিনি আসলে কোন দিকে, তাঁর আসল পরিচয় কখন ফাঁস হবে এবং পুরো অভিযানের পিছনে কী রহস্য রয়েছে—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

ছবিতে সাই পল্লবী অভিনয় করেছেন আইপিএস অফিসার নিত্যা রেড্ডির ভূমিকায়। অন্ধ্রপ্রদেশের এক্সক্লুসিভ স্পেশাল টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন তিনি। তাঁর নেতৃত্বেই ‘অপারেশন মোল’ পরিচালিত হয়, যা ছবির কাহিনির গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, মম্মুট্টির চরিত্রের নাম সিয়া। রক্তচন্দন পাচারের বেআইনি ব্যবসার নিয়ন্ত্রণ যার হাতে বলে ইঙ্গিত মিলেছে ট্রেলারে। তবে তাঁর চরিত্রের অনেকটাই এখনও রহস্যে রেখেছেন নির্মাতারা। ছবিতে আরও রয়েছেন শ্রীলীলা।

‘আমরণ’-এর পরিচালক রাজকুমার পেরিয়াসামি এই ছবির লেখক ও পরিচালক। ছবিটি প্রথমে ১৬ অক্টোবর মুক্তির কথা ছিল। পরে রজনীকান্তের ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে মুক্তির তারিখ বদলানো হয়।

ধনুষ, শ্রদ্ধা আগরওয়াল ও আজমত জগমগ প্রযোজিত ছবিটি ২০ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে। তামিলের পাশাপাশি তেলুগু, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষাতেও ডাব হয়ে আসছে ‘উধিরাম’।