পরকীয়ার অভিযোগ, তথ্য পাচারের বিতর্ক এবং বিপুল আর্থিক ক্ষতি—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। সম্প্রতি তাঁকে ঘিরে একাধিক চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে এসেছে। অভিযোগ, চিনের এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাচারের সঙ্গেও জড়িত তিনি। যদিও তথ্য পাচারের অভিযোগ স্বীকার করেননি হুয়াং। এই বিতর্কের জেরে তাঁর ব্যক্তিগত সম্পদ এবং এনভিডিয়ার শেয়ারদর নিয়ে নানা দাবি সামনে এসেছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ঘটনার সূত্রপাত ভারতীয় বিনিয়োগকারীদের প্রায় ১০০ কোটি টাকা হারানোর অভিযোগকে কেন্দ্র করে। এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, টেসলা এবং অ্যালফাবেটের মতো মার্কিন সংস্থায় বিনিয়োগের জন্য বেঙ্গালুরুর ফিনটেক সংস্থা স্টক্যালের পরিষেবা নিতেন ভারতীয়রা। অভিযোগ, সেই বিনিয়োগের অর্থ বেআইনি ভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। এই ঘটনায় জেনসেন হুয়াংয়ের নামও জড়িয়ে পড়ে।
এর পরেই মার্কিন সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে চিনা মহিলা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। পাশাপাশি এনভিডিয়ার এআই চিপ চিনে পাচারের অভিযোগও সামনে আসে। বিষয়টি নিয়ে সংস্থার অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রদত্ত প্রতিবেদনে আরও দাবি, তদন্ত চলাকালীন ৬৩ বছর বয়সি জেনসেন পরকীয়ার কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তাঁর স্ত্রী লোরি হুয়াং এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।
এ দিকে, তাঁর স্বীকারোক্তির পর এক দিনে ৭৪০ কোটি ডলার সম্পদ কমেছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় মুদ্রায় অঙ্কটি প্রায় ৬০-৭০ হাজার কোটি টাকা। তবে এই ক্ষতির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিতর্কের সরাসরি যোগ রয়েছে কি না, তা নিশ্চিত নয়। একই ভাবে সম্ভাব্য বিবাহবিচ্ছেদে সম্পত্তির অর্ধেক লোরি পেতে পারেন বলে যে জল্পনা চলছে, তারও কোনও নিশ্চিত আইনি ভিত্তি এখনও সামনে আসেনি।