বিধানসভা ভোটে ভরাডুবির পরও মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন অখিলেশ যাদব।

মাম্পি রায়, সাংবাদিক : বাংলার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। বৃহস্পতিবার কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করলেন তিনি। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজনৈতিক মহলের মতে, বাংলার ফলাফল ঘিরে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ নিয়েই মূলত আলোচনা হয়েছে।
দুপুর সওয়া তিনটে নাগাদ কালীঘাটে পৌঁছন অখিলেশ। তৃণমূল সূত্রের দাবি, বৈঠকের আবহ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। শুরুতেই অখিলেশ এবং অভিষেক একে অপরকে আলিঙ্গন করেন। পরে বৈঠকে অখিলেশ নাকি অভিষেককে বলেন, “তোমরা দারুণ লড়াই করেছ।” একইসঙ্গে মমতার উদ্দেশে তাঁর মন্তব্য, “দিদি, আপনি হারেননি।”

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন জিতে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি। ১৫ বছরের শাসনের পর মাত্র ৮০টি আসনে থেমে গিয়েছে তৃণমূল। ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসা, প্রশাসনিক ভূমিকা এবং কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে সরব হয়েছে বিরোধীরা।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকেও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, “বাংলায় গণতন্ত্রকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেননি।” বিজেপি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তাঁর কটাক্ষ, “মহিলাদের রাজনৈতিক উত্থান বিজেপি সহ্য করতে পারে না।”
নির্বাচনের সময় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন তোলেন সমাজবাদী পার্টির প্রধান। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশ ও বিহার-সহ বিভিন্ন রাজ্য থেকে বাহিনী এনে বাংলায় এক ধরনের ‘সমান্তরাল প্রশাসন’ তৈরি করা হয়েছিল। ভোট চলাকালীন রাজনৈতিক কর্মীদের উপর হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়েও সরব হন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ের পর বিরোধী শিবিরে যে নতুন করে ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা চলছে, এই বৈঠক তারই ইঙ্গিত বহন করছে। বিশেষ করে জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী শক্তিগুলির ভবিষ্যৎ রণকৌশল নিয়েও এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।