DIlip Ghosh Press meet: ৮ মাস পর আবারও দিলীপ ঘোষকে বুকে টেনে নিল গেরুয়া শিবির। রাজ্যে এসে দিলীপ ঘোষকে ডেকে একান্তে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মাম্পি রায়, সাংবাদিক: ধীরে ধীরে দলের অন্দরেই ব্রাত্য হচ্ছিলেন দিলীপ ঘোষ। প্রথমে রাজ্য বিজেপি সভাপতির পদ চলে যাওয়া। গত লোকসভা ভোটে পরাজয়। হেভিওয়েটদের সভায় আমন্ত্রণ না পাওয়া। তারপর দলের কর্মী রিঙ্কুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এর পরে দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে সস্ত্রীক মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা। এর জেরে প্রবল বিতর্কের ফলে নিজের দলেই প্রশ্নের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। এরপর থেকে ধীরে ধীরে দলের একাধিক ইভেন্টে ডাক পেতেন না দিলীপ ঘোষ। সবমিলিয়ে একসময় রাজ্যে বিজেপির সংগঠন গড়ার কারিগর দিলীপ ঘোষ ক্রমেই ব্রাত্য হচ্ছিলেন। এভাবে কেটে গিয়েছে প্রায় ৮ মাস। কিন্তু কথায় আছে সময়ের চাকা ঘুরছে। তা আবারও টের পাওয়া গেল।
৮ মাস পর আবারও দিলীপ ঘোষকে বুকে টেনে নিল গেরুয়া শিবির। রাজ্যে এসে দিলীপ ঘোষকে ডেকে একান্তে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আবারও দলে বড় দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। এবার সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিমানী দিলীপ। তিনি বলেন, “আমি ভেবেছিলাম দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। কিন্তু কালকে অমিত শাহজি ডেকে আমার সঙ্গে বৈঠক করেছেন। উনি আমাকে বলেছেন, লেগে পড়ুন। আমি বললাম, আমি তো লেগেই আছি। “
অমিত শাহর থেকে আশ্বাস পেয়েছেন বলেও জানান দিলীপ ঘোষ। পছন্দের কেন্দ্র খড়গপুর, সেখান থেকেই জয়ী হয়ে আসছিলেন। কিন্তু গত লোকসভা নির্বাচনে হাতের তালুর মতো চেনা সেই খড়গপুর থেকে সরিয়ে নিয়ে গিয়ে দিলীপকে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করে বিজেপি। সেই ভোটেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হন দিলীপ ঘোষ।
আগামী বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে লড়াই করতে ইচ্ছুক তিনি ? উত্তরে দিলীপ ঘোষ বলেন, “বাংলায় জিততে গেলে সবাইকেই লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী রয়েছেন, যাঁরা মার খেয়েছেন, জেল খেটেছেন। খড়গপুরের সঙ্গে অনেক আবেগ জড়িত। ওটাই আমার পছন্দের আসন। সেখান থেকেই লড়তে চাই। এর আগে অন্য আসনে লড়তে হয়েছিল ঠিকই। কিন্তু তার ফল কী হয়েছে পার্টি বুঝেছে। তার থেকে শিক্ষাও নিয়েছে। যেভাবে আমায় নির্বাচনে লড়ানো হয়েছিল, তা মনের মতো ছিল না। নির্বাচনে লড়া থেকে ঝান্ডা ধরার কাজ, সবরকমই করতে হবে।“
দলের অন্দরেই কি কোনঠাসা করা হয়েছিল দিলীপ ঘোষকে ? উত্তরে দিলীপ বলেন, “এটাই তো রাজনীতি। কখনও কেউ কোনঠাসা করবে, কিন্তু সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আমি সেই পরিস্থিতির সঙ্গে লড়ে বেরিয়ে এসেছি।“
অমিত শাহর পাশাপাশি বৃহস্পতিবার দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। অমিত শাহর সামনে তিনি খড়গপুর কেন্দ্র থেকে ভোটে লড়াইয়ের ইচ্ছে ব্যক্ত করেছেন। সবমিলিয়ে দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন যথেষ্ট উল্লেখযোগ্য। দিলীপের পরবর্তী চমক কী হতে চলেছে, সেটাই এখন দেখার।