স‍‍োনমের অনশনে কী বলল কেন্দ্র ?

সোনম ওয়াংচুকের অনশনের ১৯তম দিন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মাঝেই চিকিৎসার আশ্বাস কেন্দ্রের

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কার মধ্যেই দিল্লি হাই কোর্টে গুরুত্বপূর্ণ আশ্বাস দিল কেন্দ্র। বৃহস্পতিবার আদালতে কেন্দ্র জানায়, সরকারি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওয়াংচুকের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। বর্তমানে যন্তরমন্তরে তাঁর স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে বলেও আদালতকে জানানো হয়েছে।

প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, ‘‘প্রতিটি নাগরিকের জীবন মূল্যবান।’’ আদালতের নির্দেশ, সরকারি চিকিৎসকদের দিয়ে প্রতিদিন ওয়াংচুকের শারীরিক পরীক্ষা করাতে হবে এবং প্রয়োজনে অবিলম্বে চিকিৎসা-সংক্রান্ত ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, চিকিৎসকেরা নিয়মিত ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করছেন। তাঁদের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে সব ধরনের চিকিৎসা-সহায়তাই দেওয়া হবে। কেন্দ্রের এই অবস্থানকে স্বাগত জানিয়ে জনস্বার্থ মামলার নিষ্পত্তি করে আদালত।

আইনজীবী রাকেশ কুমার সাইনির দায়ের করা জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছিল, ওয়াংচুকের জীবন রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করা, তরল খাদ্যের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি দেওয়া এবং পরিস্থিতি গুরুতর হলে জোর করে খাদ্য সরবরাহের ব্যবস্থাও করার আর্জি জানানো হয়।

গত ২৮ জুন থেকে যন্তরমন্তরে আমরণ অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁর এই আন্দোলন।

এ দিকে, ওয়াংচুকের স্বাস্থ্য পর্যবেক্ষণকারী চিকিৎসক ডা. সতীশ লাম্বা জানান, গত ২৪ ঘণ্টায় তাঁর ওজন আরও ৫০০ গ্রাম কমে দাঁড়িয়েছে ৫৬.৬৫ কেজিতে। অনশন শুরুর পর থেকে মোট ৯ কেজিরও বেশি ওজন কমেছে। বিপি ১০৫/৬১, রক্তে শর্করার মাত্রা ৮০ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার এবং অক্সিজেন স্যাচুরেশন ৯৭ শতাংশ রয়েছে। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।