শাহরুখের ম্যানেজারের উপার্জন টেক্কা দেবে বলি তারকাদেরও

অঙ্কিতা পাল, সাংবাদিক: জার্নালিজম মাসকমিউনিকেশন বিভাগে স্নাতক পূজা দাদলানি বর্তমানে বলিউডের এক অবিচ্ছেদ্য নাম। পূজা শাহরুখের ১৩ বছরের ছায়াসঙ্গী। পূজা শুধুমাত্র শাহরুখ খানের ম্যানেজারই নন এরপাশপাশি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং কলকাতা নাইট রাইডার্স পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ‘ওম শান্তি ওম’ তৈরির আগে পূজা ছিলেন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার।

২০১২ সাল থেকে শাহরুখের পেশাদার জীবনের সমস্ত দিক দেখভাল করেন পূজা। শাহরুখ খান যেখানেই যান, সর্বক্ষণ তাঁর পাশে দেখা যায় পূজাকে। তবে তাঁর নাম চর্চায় উঠে আসে ২০২১ সালে। সেবছর মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ানকে। আরিয়ানের গ্রেফতারের পর গোটা পরিস্থিতি সামলানোর জন্য খান পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন পূজা। পূজার উপর শাহরুখের এতটাই ভরসা যে, আরিয়ান মামলার যাবতীয় খুঁটিনাটি তাঁর উপরই ছেড়ে দিয়েছিল খান পরিবার। মামলার প্রত্যেক শুনানিতে হাজির ছিলেন পূজা।

এক কথায়, বিপদের দিনে পরিবারের এক সদস্যের মতোই শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এই মুহূর্তে শাহরুখের পারিবারিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে থাকেন। এক কথায় বলতে গেলে এখন শাহরুখের পরিবারের সদস্য হয়ে উঠেছেন পূজা। নিজের দক্ষতা, নিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি নিজের জায়গা পাকা করেছেন। বলিউড সুপারস্টারের পিছনে নীরবে, নিঃশব্দে কাজ করে চলেছেন তিনি। কেবল শাহরুখই নয়, আরিয়ান, সুহানা এমনকি আব্রামের ক্ষেত্রেও কোনও বিশেষ সিদ্ধান্তের প্রসঙ্গে তিনিই এগিয়ে আসেন। গৌরী খানেরও আস্থা পূজার ওপর। পূজার পরিবারকেও তাই শাহরুখ খান আগলে রাখেন। যে কোনও আনন্দ উৎসব থেকে শুরু করে বিপদে, পাশে থাকেন শাহরুখ। একইভাবে পূজাও নিজের পরিবারকে যে সময় দেন, তার থেকে অনেক বেশি সময় দেন শাহরুখের পরিবারকে। তবে কোনও শর্ত মেনে নয়, চুক্তির গণ্ডি পেরিয়ে এখন তাঁরা পরিবার। সদ্য বিশ্বের ধনীতম অভিনেতা হিসেবে রেকর্ড করেছেন কিং খান। এবার রেকর্ড গড়লেন পূজা! তাঁর আয় শুনলে রীতিমতো চমকে উঠবেন আপনিও।

শাহরুখের সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা— এমনকি তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং আইপিএল টিমের বড় সিদ্ধান্তের ক্ষেত্রেও পূজার সক্রিয় ভূমিকা রয়েছে। তার ওপর নির্ভর করে শাহরুখের সমস্ত কর্পোরেট এবং মিডিয়া স্ট্র্যাটেজি সাজিয়ে থাকেন। বলিউডের অন্যতম প্রভাবশালী ম্যানেজার তিনি। SRK ফ্যান ক্লাব’-এর তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে তাঁর বার্ষিক পারিশ্রমিক ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারে। পূজা দাদলানির বার্ষিক আয় এখন ৯ কোটিরও বেশি। যা কিনা দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলিব্রিটি ম্যানেজারের স্থান দেয়। ‘তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ থেকে ৫০ কোটি। বলিউড কিংয়ের কেরিয়ারের তত্ত্বাবধানে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে এই বিপুল পারিশ্রমিক সামঞ্জস্যপূর্ণ বটে। বান্দ্রায় পূজার নতুন বাড়ির অন্দরসজ্জাতেও চমক রয়েছে। শাহরুখ-ঘরনী গৌরী খানের হাতে পূজার বাড়ি সেজে উঠেছে। অতীতে একাধিক নামী ব্যক্তিত্বের বাড়ি সাজিয়েছেন গৌরী। সেই তালিকায় এবার জুড়ল পূজার নাম। প্রতি বছর ধুমধাম করে পূজার জন্মদিন পালন করেন শাহরুখ। দামি উপহারও দেন। সব থেকে মজার ব্যাপার হল পূজা এবং শাহরুখের জন্মতারিখও একই,  ২ নভেম্বর। শুধুমাত্র শাহরুখের ম্যানেজার হিসাবেই বলিউডে পরিচিত মুখ নন পূজা। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির সহ-প্রযোজকও ছিলেন। পূজার ফ্যান ফলোয়িংও কম নয়। সোশ্যাল মিডিয়ায় বা তারকার ফ্যান ক্লাবের সদস্যদের অত্যন্ত পছন্দের মানুষ পূজা।