‘শিক্ষকদের ভুলবেন না’,

আইআইটি-দিল্লির সমাবর্তনে পড়ুয়াদের বার্তা মোদীর

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : আইআইটি-দিল্লির গণ্ডি পেরিয়ে এ বার জীবনের নতুন অধ্যায়। কারও অপেক্ষা প্রথম বেতনের, কেউ নতুন শহরে পাড়ি দেওয়ার প্রস্তুতিতে, আবার কারও চোখে নতুন স্টার্টআপের স্বপ্ন। কেউ বা তৈরি হচ্ছেন পরবর্তী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। স্বপ্ন আলাদা, পথও আলাদা। কিন্তু জীবনের এই নতুন যাত্রায় পুরনো দিনগুলিকে যেন ভুলে না যান পড়ুয়ারা—এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার আইআইটি-দিল্লির ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। কৃতী পড়ুয়াদের হাতে প্রতিষ্ঠানের অন্যতম সম্মান প্রেসিডেন্টস গোল্ড মেডেল, ডিরেক্টরস গোল্ড মেডেল, শঙ্কর দয়াল শর্মা গোল্ড মেডেল এবং পারফেক্ট টেন গোল্ড মেডেল তুলে দেন তিনি।

সমাবর্তনে পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে মোদী বলেন, তাঁদের সাফল্যে পরিবার যেমন গর্বিত, তিনিও তেমনই গর্বিত। তবে পুরস্কারপ্রাপকদের মধ্যে আরও বেশি ছাত্রী থাকলে ভাল লাগত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘‘কেন এক-দু’জন? আরও বেশি হওয়া উচিত।’’

আইআইটি-র মতো প্রতিষ্ঠান থেকে বেরিয়ে বাস্তব জীবনে পা রাখার সময় পড়ুয়াদের মনে নানা উদ্বেগ ও প্রত্যাশা কাজ করে। সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী তাঁদের বর্তমান মুহূর্তটিকে উপভোগ করার পরামর্শ দেন। বলেন, ওরিয়েন্টেশন থেকে সমাবর্তন পর্যন্ত যে যাত্রা, তার জন্য গর্বিত হওয়ার পাশাপাশি নতুন অধ্যায় শুরুর উত্তেজনাও থাকা উচিত।

ভবিষ্যতে দায়িত্ব বাড়বে, সাফল্য আসবে। তখন পিছনে ফিরে তাকালে আইআইটি-দিল্লির ক্যাম্পাস, বন্ধু, শিক্ষক, মেন্টর এবং সহায়ক কর্মীদের কথা মনে পড়বে। তাঁদের অবদান যেন কোনও ভাবেই বিস্মৃত না হয়, সেই বার্তাই দেন প্রধানমন্ত্রী। সমাবর্তন শেষে প্রত্যেক শিক্ষক ও কর্মীর সঙ্গে দেখা করে যাওয়ার পরামর্শও দেন তিনি।

এ দিন আইআইটি-দিল্লির সোনিপত ক্যাম্পাসে ‘পরম প্রজ্ঞা’ নামে AI সুপারকম্পিউটিং পরিকাঠামোর উদ্বোধন করেন মোদী। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এই অত্যাধুনিক পরিকাঠামো AI, ডেটা সায়েন্স, উন্নত কম্পিউটিং এবং আন্তঃবিষয়ক গবেষণায় প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়াবে।