আইএফএ শিল্ড জয়ের ফাইনালে ডার্বি।

মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বি ঘিরে উত্তেজনা চরমে। কার প্রস্তুতি কতটা?

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: শনিবার ফাইনাল আইএফএ শিল্ডের।  মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বি ঘিরে সমসময়ই উত্তেজনা থাকে ময়দানে। প্রতিটা ডার্বি ঘিরেই বারবার রেফারির সিদ্ধান্ত প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। আর এই কারণের সমাধান ঘটানোর জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। যেহেতু বাংলার দুই দল আজ মুখোমুখি। একদিকে ইস্ট বেঙ্গল ও অপরদিকে মোহনবাগান তাই বাইরের রাজ্যের রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করা হবে। যাতে রেফারির ভুমিকা নিয়ে কোনও প্রশ্ন না ওঠে। তবে এখন সবথেকে বড় প্রশ্ন, শনিবারের কলকাতা ডার্বির রেফারি কে হবেন?  হরিশ কুন্ডুকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানতে পারা যাচ্ছে।

কিছুদিন আগেই আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছিলেন,  ফাইনালে যদি ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ওঠে, তবে ফাইনাল ম্যাচ যুবভারতীতে হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলি দুপুর আড়াইটায় শুরু হলেও ফাইনাল ম্যাচের আগে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যুবভারতীতে। মোহন বাগান ও ইস্টবেঙ্গল ছাড়াও এই আইএফএ শিল্ডে অংশ নিয়েছে মোট ৬টি দল। তাদের সকলকেই এইদিনের ফাইনালেও আমন্ত্রণ জানানো হয়েছে।  ইতিমধ্যেই ফাইনাল ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। এরইমধ্যে উত্তরবঙ্গে বিপর্যস্ত পরিস্থিতি। আর সেই কথা মাথায় রেখে আইএফএ জানিয়েছে, শনিবার ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, তা সম্পূর্ণ উত্তরবঙ্গের বিপর্যস্তদের সাহায্য করার জন্য রাজ্য সরকারকে দেওয়া হবে।

শনিবারের ডার্বি ঘিরে ইস্টবেঙ্গলের কোচ অস্কার জানিয়েছেন, ফাইনাল ম্যাচ নিয়ে আমি খেলোয়াড়দের কোনও বাড়তি চাপ দিতে চাই না। আমি চাই তারা চাপমুক্তভাবে আর পাঁচটা ম্যাচের মতোই এটাকে ভাবুক। সেই জন্য তাদের বেশি সময় অনুশীলনও করানো হয়নি। যেটুকু সময় প্র্যাকটিস হয়েছে সেটাও সকলের মজার ছলেই কেটেছে। মোহনবাগান দেশের সেরা দল। গত মরশুমে ওরা দুটি করে ট্রফি জিতেছে। ওদের প্রতিটি পজিশনে খেলার জন্য দুজন করে রয়েছে। তবে এবছর আমরা আরও শক্তি বাড়িয়েছি। আমরা আমাদের ম্যাচ নিয়ে অত্যন্ত আশাবাদী। এখনও পর্যন্ত আমরা লিগের সবকটি দলের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। ৭টা ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ জিতেছি। তবে যে ম্যাচটি হেরেছি সেখান থেকে অনেককিছুই শিক্ষা নিয়েছি আমরা। প্রথম একাদশ নিয়ে কিছু জানাবো না এখন। সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাবো। তবে দেশের সেরা দল মোহনবাগানের সঙ্গে খেললে এটা বুঝতে পারবো আমাদের প্রস্তুতি কতটা হয়েছে।