অর্থ তছরুপের একটি মামলার তদন্তে বুধবার কেরল ও তামিলনাড়ুর মোট ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ভারত লক্ষ্ণা মাল্টি স্টেট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য তথা সংস্থার কার্যত চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আর প্রেমকুমার এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বুধবার ভোর থেকেই তল্লাশি অভিযান শুরু করেন ED আধিকারিকরা। কেরল ও তামিলনাড়ুর চেন্নাইয়ে অভিযুক্তদের বাড়ি ও অন্যান্য সম্পত্তিতে তল্লাশি চলছে। রাজ্য পুলিশের সহযোগিতায় ED-র একাধিক দল এই অভিযান চালাচ্ছে। তদন্তকারীদের অভিযোগ, ভারত লক্ষ্ণা কো-অপারেটিভ সোসাইটিতে সাধারণ মানুষ যে টাকা জমা রেখেছিলেন, সেই কয়েক কোটি টাকা নিজের প্রভাব খাটিয়ে অন্যত্র সরিয়ে দেন প্রেমকুমার। অভিযোগ, ওই টাকা নিজের স্ত্রী ও আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে।
এছাড়াও, সংস্থার রাগম থিয়েটার ব্রায়োস ফিনভেস্টের কাছে বন্ধক রাখা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সেই বন্ধক থেকে পাওয়া টাকা সংস্থার অ্যাকাউন্টে জমা পড়েনি বলে দাবি তদন্তকারীদের। পাশাপাশি, স্ত্রীর নামে কাঞ্চিপুরমে প্রায় ৫০০ একর জমি কেনার অভিযোগও উঠেছে প্রেমকুমারের বিরুদ্ধে। অর্থের লেনদেনের পুরো পথ খুঁজে বের করা এবং এই আর্থিক অনিয়মের ঘটনায় আরও প্রমাণ সংগ্রহ করতেই ED-র এই তল্লাশি অভিযান। তদন্ত এখনও চলছে।