চিটফান্ড কাণ্ডে কলকাতার ৮ জায়গায় হানা ইডির!

টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ কলকাতার ৮ জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। মোটা টাকা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে হল অভিযান । অভিযোগ, চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে তা নির্মাণ সংস্থা-সহ অন্যান্য ব্য়বসায় লাগানো হয়েছে। সেই ঘটনায় ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, গত সেপ্টেম্বরে এই মামলায় ১৭ জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

পুজোর আগে ফের জোরদার অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ইডি। সপ্তাহের শুরুর দিনেই সাতসকালে আর্থিক প্রতারণার একটি মামলায় কলকাতার মোট ৮ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। জানা যায়, ‘অমৃত প্রজেক্ট লিমিটেড’ নামক একটি সংস্থার  বিনিয়োগ সংক্রান্ত মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি। সেপ্টেম্বর মাসেও এই মামলাতে ১৭ জায়গায় তল্লাশি রেইড করেছিল ইডি। পরবর্তী সময়ে বিপুল টাকা উদ্ধার হয়, বাজেয়াপ্ত হয় বহু সম্পত্তি।

সোমবার সকালে টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ কলকাতার ৮ জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগ, সাধারণ মানুষের থেকে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল এবং একাধিক সংস্থার মাধ্যমে সেই টাকা খাটানো হয়। গত সেপ্টেম্বরে ‘অমৃত প্রজেক্ট লিমিটেড’ মামলায় কলকাতা ও ইনদওর মিলিয়ে ১৭ জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। কলকাতার নারকেলডাঙা, নেতাজিনগর, সাদার্ন অ্যাভিনিউ-সহ বেলেঘাটার ৬ ঠিকানাতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এই মামলায় তল্লাশি চালিয়ে ৭৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং এক কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। বাজেয়াপ্ত হয়েছিল ৪৮০০ মার্কিন ডলার। আগেই ২০ কোটি টাকার বেনামী সম্পত্তি লগ্নির নথিও বাজেয়াপ্ত হয়।