মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে বিজেপি। এবার সিবিএসই বোর্ডও উদযাপন করছে মোদীর জন্মদিন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কড়া নির্দেশ, টানা ১৭ দিন বিভিন্ন স্কুলে চালাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনিতে অনুপ্রাণিত সিনেমা। ছাত্রছাত্রী সেই ছবি দেখবে, প্রধানমন্ত্রীর ছোটবেলার কাহিনি দেখে উদ্বুদ্ধ হবে তারা।

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকেও এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনার উপর অনুপ্রাণিত সিনেমা ‘চলো জিতে হ্যায়’ দেখানো হচ্ছে।
১১ সেপ্টেম্বর, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে- সিবিএসই, কেভিএস এবং এনভিএস-এ। নির্দেশিকা অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের আগে ১৬ তারিখ থেকে স্কুলগুলিতে সিনেমাটি দেখানো শুরু হয়েছে। চলবে ২ অক্টোবর পর্যন্ত।

কেন্দ্রের নির্দেশিকা বলছে, এই ধরণের ছবি ছোটদের চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এই অভিযান শুরু হয়েছে গুজরাতের ‘বর্নাক্যুলর স্কুল অফ বডনগর’ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কুলেই পড়াশোনা করেছিলেন। প্রেরণা নামক যে ছবিটি স্কুলগুলিতে প্রদর্শিত হচ্ছে, তা ইতিমধ্যে শ্রেষ্ঠ ‘নন-ফিচার ফিল্ম’ হিসাবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছে।