এবার ডিম থেরাপির মুখে সব্যসাচী

গ্রেফতারের পর ডিম-টম্যাটো ছোড়া হল সব্যসাচীকে, চাঞ্চল্য বিধাননগরে

মাম্পি রায়, সাংবাদিক : তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ও টম্যাটো ছোড়ার ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল বিধাননগরে। পুলিশি নিরাপত্তার মধ্যেই থানার বাইরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে তৎপর হতে হয় নিরাপত্তারক্ষীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা দাবি এবং হুমকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার সকালে সব্যসাচীকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে থানার বাইরে আনা হলে উপস্থিত কয়েক জন আচমকাই তাঁর দিকে ডিম ও টম্যাটো ছুড়তে শুরু করেন। মুহূর্তের মধ্যেই তাঁকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন পুলিশকর্মীরা। পরে দ্রুত একটি গাড়িতে তুলে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে পরিচিত মুখ সব্যসাচী। রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসে হলেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। বিধাননগর পুরনিগম গঠনের পর প্রথম মেয়র হন তিনি। ২০১৯ সালে বিজেপিতে যোগ দিলেও ২০২১ সালে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন। রাজরহাট-নিউটাউন কেন্দ্রের বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সব্যসাচী। সেখানে বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। ভোটের ব্যবধান ছিল ৩৪ হাজার ৫৫৮।

সব্যসাচীর গ্রেফতারির ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের ঘটনা সামনে আসছে। সম্প্রতি ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খানকে গ্রেফতার করেছে এসটিএফ। এছাড়া চাকরি প্রতারণা, অস্ত্র মামলা এবং রেশন সংক্রান্ত দুর্নীতির অভিযোগে একাধিক রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে।

মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম উড়ে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। রাজ্যে পালাবদলের পর থেকে প্রায়ই এধরণের প্রতিবাদ দেখা যাচ্ছে রাজ্যজুড়ে। এবার তাতে নয়া সংযোজন হল সব্যসাচী চক্রবর্তী। তবে এক্ষেত্রে ডিম, টম্যাটো এবং গোবর ছুঁড়ে প্রতিবাদের পাশাপাশি চোর চোর স্লোগানও তুললেন বিক্ষুব্ধরা।