বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক রাহুলের, ফের ‘ভোটচুরি’ নিয়ে সরব কংগ্রেস নেতা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নির্বাচন কমিশনের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বৃহস্পতিবার বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক করার কথা ঘোষণা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘‘সংবিধানের শত্রুরা প্রকাশ্যে এসেছে। বিচার হবে। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক করব।’’ পোস্টের শেষে ‘ভোটচুরি’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন তিনি।
রাহুলের এই ঘোষণার আগে থেকেই নির্বাচন কমিশনের কাজকর্ম এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের সঙ্গে কমিশনের টানাপড়েন চলছে। সম্প্রতি ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, গত ১০ মাসে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে দুই নির্বাচন কমিশনার— সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী— অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, ফর্ম ৬, ভোটার বাদ দেওয়া এবং ভোটার তালিকার তথ্যভান্ডারে প্রবেশাধিকার-সহ একাধিক বিষয় নিয়ে তাঁদের আপত্তি ছিল। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি।
তবে কমিশন ওই প্রতিবেদনের ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, খসড়া পর্যায়ে কোনও প্রস্তাব নিয়ে প্রশ্ন, পরামর্শ বা মতামত দেওয়া কমিশনের স্বাভাবিক প্রশাসনিক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ। এসআইআর-সহ কমিশনের সমস্ত সিদ্ধান্তই সর্বসম্মত ভাবে নেওয়া হয়েছে এবং তিন নির্বাচন কমিশনারেরই অনুমোদন ছিল বলে দাবি করেছে কমিশন।
এ নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এসআইআর-এর বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেছে কংগ্রেস। অন্য দিকে, বিজেপি এবং নির্বাচন কমিশন প্রক্রিয়াটির পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে।
আগামী ২৯ সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকও হওয়ার কথা। দলীয় সূত্রে খবর, সেখানে নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ফলে বৃহস্পতিবার বিকেলের সাংবাদিক বৈঠকে রাহুল কী কী তথ্য বা অভিযোগ সামনে আনেন, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।