ঘটনাস্থলে সিআইডি, এসটিএফ,এনআইএ টিম ও বোম স্কোয়াডের টিম।

বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা : গভীর রাতে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য রাজারহাটে। দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তার জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে নারায়নপুর থানার পুলিশ। বাড়িতে এখনও বোমা রয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাস্থলে সিআইডি, এসটিএফ,এনআইএ টিম ও বোম স্কোয়াডের টিম পৌঁছে গিয়েছে। পৌঁছেছেন বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় বিধায়ক পীযুষ কানোরিয়াও। তিনি জানান, “নারায়ণপুরে এই ধরণের ঘটনা নতুন নয়। এখন সরকার পাল্টেছে বলে এইসব ঘটনা সামনে আসছে। এই এলাকায় অনেক ধরণের সন্ত্রাস হয়। এখানে এত সন্ত্রাসবাদী রয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ কখনও পদক্ষেপ করেনি। তবে এবার নতুন সরকার এক বিরুদ্ধে পদক্ষেপ নেবে। দোষীদের ছাড়া হবে না।”

স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে একটি পরিবার নারায়নপুর সুপারি বাগানের ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। শনিবার গভীর রাতে আচমকাই বাড়ির ভিতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়নপুর থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিক তদন্তের পাশাপাশি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তি একটি ব্যাগ রেখে গিয়েছিল ওই বাড়িতে। তাতেই ছিল বোমা। ওই বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির খোঁজ চলছে। বিস্ফোরণ কীভাবে ঘটল এবং এর পিছনে কী কারণ রয়েছে তা জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ ইতিমধ্যেই তিন জনকে আটক করেছে।