ডোভাল-গোয়েলের বিরুদ্ধে নোটিসে আপত্তি ভারতের!

খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুনের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রাক্তন ‘র’-প্রধান সামন্ত গোয়েলকে নোটিস পাঠানোর প্রক্রিয়ায় আপত্তি জানাল নয়াদিল্লি। আমেরিকার আদালত পান্নুনকে ভারতীয় আদালতের মাধ্যমে দুই আধিকারিকের কাছে সমন পৌঁছনোর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পরেই মঙ্গলবার কড়া প্রতিক্রিয়া জানাল বিদেশ মন্ত্রক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ আমরা প্রত্যাখ্যান করছি। এই ভিত্তিহীন মামলাও মানছি না।” তাঁর আরও বক্তব্য, ভারতে কোনও বিচার সংক্রান্ত নথি পাঠানোর অনুরোধ শুধুমাত্র দেশের নির্দিষ্ট কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমেই করা যায়। সেই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হল আইন ও বিচার মন্ত্রক।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের সেপ্টেম্বর। পান্নুন নিউ ইয়র্কে তাঁকে হত্যার চক্রান্তের অভিযোগ তুলে আমেরিকার আদালতে মামলা করেন। মামলায় ভারত সরকার, ডোভাল, গোয়েল, নিকিল গুপ্ত, বিকাশ যাদব-সহ কয়েক জনের নাম রয়েছে। তবে মামলায় ওঠা অভিযোগগুলি এখনও প্রমাণিত নয়।

৯ নভেম্বর নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের আদালতের বিচারক ক্যাথরিন পোলক ফাইলা পান্নুনের আবেদন মঞ্জুর করেন। তাঁকে ৩০ নভেম্বরের মধ্যে সমন, প্রস্তাবিত নোটিস জারির পদ্ধতি, সংশ্লিষ্ট ভারতীয় আইন এবং হেগ কনভেনশনের মাধ্যমে নথি পাঠানোর আগের প্রচেষ্টার কাগজপত্র-সহ একটি প্যাকেট জমা দিতে বলা হয়েছে। পরে আদালত সেই নথি খতিয়ে দেখে ভারতে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে এই নির্দেশের অর্থ পান্নুনের অভিযোগ আদালত মেনে নিয়েছে, এমন নয়। এটি শুধুমাত্র আইনি নথি পৌঁছে দেওয়ার পদ্ধতি সংক্রান্ত নির্দেশ।

এ দিকে, এই দেওয়ানি মামলা থেকে আলাদা ভাবে আমেরিকায় নিকিল গুপ্তের বিরুদ্ধে ফৌজদারি মামলাও চলছে। অভিযোগ, পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে তাঁর ভূমিকা ছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গুপ্ত হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে দোষ স্বীকার করেছেন।