চিকিৎসককে ভুয়ো শংসাপত্র!

চিকিৎসকে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসকের বিরুদ্ধ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: সোনারপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক গিরিন্দ্রনাথ মণ্ডলের বিরুদ্ধে ভুয়ো ডাক্তারি শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই এবার চিকিৎসককে ব্ল্যাকমেল করে ৫ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে।

অভিযোগপত্রে চিকিৎসক জানিয়েছেন, গোসাবার বিএমওএইচ থাকাকালীন তিন বছরের ডাক্তারি কোর্সের ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ তুলে কয়েকজন যুবক কয়েক দিন আগে তাঁর বাড়িতে আসে। ওই শংসাপত্রের ছবি দেখিয়ে তা প্রকাশ্যে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ১০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

শুধু তাই নয়, প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি চিকিৎসকের। ভয়ে তিনি ৫ লক্ষ টাকার একটি চেক লিখে দেন বলে অভিযোগ। এরপরই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগপত্রে চিকিৎসকের দাবি, চার যুবক নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজনের পরনে গেরুয়া পোশাকও ছিল বলে অভিযোগ।

তবে চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পাল্টা সরব বিজেপি। বিজেপি কর্মী শুকদেব প্রামাণিকের দাবি, বাম আমল থেকে তৃণমূল আমল পর্যন্ত ওই চিকিৎসক সরকারি চাকরি করে বিপুল টাকা উপার্জন করেছেন এবং তাঁর বিরুদ্ধে ভুয়ো ডাক্তারি শংসাপত্র দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর আরও দাবি, চিকিৎসকের আয়-বহির্ভূত সম্পত্তির তথ্যও তাঁদের কাছে রয়েছে। আরটিআই করে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং জনস্বার্থে মামলা করার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেও ই-মেলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে।

অন্যদিকে, সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশীষ ধর বলেন, যিনি বিজেপি কর্মী পরিচয় দিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন, তাঁর পরিচয় খতিয়ে দেখা দরকার। সোনারপুরে এমন কোনও চক্র কাজ করছে কি না, তা চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

একদিকে অবসরপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ, অন্যদিকে তাঁকেই ব্ল্যাকমেল করে টাকা আদায়ের পাল্টা অভিযোগ—দুই অভিযোগকে সামনে রেখেই তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।