১০তলা থেকে ঝাঁপ, ঘটনাস্থলেই মৃত্যু ৩ বোনের

অনলাইন গেমের আসক্তি ৩ বোনকে পৌঁছে দিল মৃত্যুর মুখে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মঙ্গলবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে।

মাম্পি রায়, সাংবাদিক : আবারও অন  মোমোর ছায়া। অনলাইন গেমের আসক্তি ৩ বোনকে পৌঁছে দিল মৃত্যুর মুখে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মঙ্গলবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে।

জানা যাচ্ছে, করোনা অতিমারির সময় থেকেই মোবাইল ফোনের গেমের প্রতি আসক্তি ছিল ১২, ১৪ ও ১৬ বছর বয়সী ৩ বোনের। মাঝেমধ্যে নাকি স্কুলে না গিয়ে মোবাইল নিয়ে গেম খেলতে বসতো ওই ৩জন। সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে বসে থাকতো তারা। এসবের কারণে প্রায়শই তাদেরকে বকাবকি করত মা-বাবা। জানা যাচ্ছে মঙ্গলবার রাতেও সেই গেম খেলার জেরে অশান্তি বাড়তে থাকে পরিবারে। বাবা-মা গেম খেলতে দিচ্ছিলেন না তিন বোনকে। এর পরেই তিন কিশোরী একসঙ্গে আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রাতেই গাজ়িয়াবাদের লোনি এলাকার আবাসনে পৌঁছেয় টিলা মোড় থানার পুলিশ।

দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত কিশোরীদের পরিবার এবং আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গেও কথা বলে তথ্য সংগ্রহ করেন আধিকারিকেরা। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে পুলিশের তরফে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হতে পারবেন তদন্তকারীরা আধিকারিকেরা।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অনলাইনে একটি টাস্ক-বেস্‌ড গেমের প্রতি আসক্ত হয়ে পড়েছিল ওই তিন বোন। ওই গেম খেলা নিয়েই বাবা-মায়ের সঙ্গে প্রায়শই তাদের ঝামেলা হত। তবে অনলাইন গেমের টাস্ক পূরণ করতেই ১০ তলা থেকে ঝাঁপ নাকি বাবা মায়ের শাসনে অভিমান করে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।