শেখ হাসিনার জেলায় অশান্তির আশঙ্কা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন!

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে বিজিবির তরফে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বিজিবি জানিয়েছে, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং হিংসা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সংখ্যায় সাঁজোয়া গাড়ি (এপিসি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, ময়দানে কর্তব্যরত বিজিবি জওয়ানদের কাজকর্ম সরাসরি নজরদারির জন্য তাঁদের শরীরে বডি ক্যামেরা লাগানো হয়েছে। ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির সাহায্যেও বিভিন্ন অভিযানের সরাসরি ছবি সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির সদর দফতরে থাকা বিশেষ নজরদারি কেন্দ্র থেকে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ‘অসামরিক প্রশাসনকে সহায়তা’ কর্মসূচির অধীনে বিজিবি জওয়ানদের মোতায়েন করা হয়েছে। জেলাশাসকের নির্দেশ ও প্রয়োজন অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে তাঁরা দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজরদারি চালানোর পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা।

বিজিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় জওয়ানরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের যাতায়াত এবং দৈনন্দিন কাজে যাতে কোনও বাধা না পড়ে, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বিজিবির বক্তব্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও তারা প্রস্তুত। সরকার যখনই যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন শেখ হাসিনা। এরপরই তাঁর আদি জেলা গোপালগঞ্জে সক্রিয় হয়ে ওঠেন আওয়ামি লিগের সমর্থকেরা। বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখানো হয়। তবে বাংলাদেশে আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

এদিকে, বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে। তাঁর কথায়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁর দেশে ফেরার বিষয়টি সম্ভব। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের কাছে আবেদন জানানোর নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে আর সেই আবেদন করার আইনি সুযোগ থাকবে না। দেরিতে আবেদন করার বিষয়টিও মেনে নেওয়ার কোনও সুযোগ নেই।

আইনমন্ত্রী আরও জানিয়েছেন, বাংলাদেশের সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত ব্যক্তিরা মৌলিক অধিকারের দাবি করতে পারেন না। ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের আমলেই সংবিধানে এই সংশোধন আনা হয়েছিল। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম জানিয়েছেন, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ২০২৬ সালের ১৩ জানুয়ারি ওই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।