রাস্তায় থুতু ফেললেই ফাইন!

থুতু ফেললে ১০০, আবর্জনা বা প্রকাশ্যে মল-মূত্রত্যাগে ২০০ টাকা জরিমানা, মঙ্গলবার থেকে কড়াকড়ি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ফের কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় যত্রতত্র থুতু ফেলা, আবর্জনা ছড়ানো কিংবা প্রকাশ্যে মল-মূত্রত্যাগের মতো ঘটনায় জরিমানা চালু হচ্ছে। এক বার ব্যবহারযোগ্য ১২৫ মাইক্রনের নীচের প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলেও দিতে হবে ২০০ টাকা জরিমানা। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন।

নতুন নিয়ম অনুযায়ী, রাস্তায় থুতু ফেললে ১০০ টাকা, বেআইনি ভাবে আবর্জনা ফেললে বা নোংরা ছড়ালে ২০০ টাকা এবং প্রকাশ্যে মল-মূত্রত্যাগের জন্য ২০০ টাকা জরিমানা করা হবে। তবে এই ব্যবস্থাকে শুধুমাত্র জরিমানা আদায়ের উদ্যোগ হিসেবে দেখতে নারাজ পুরমন্ত্রী। তাঁর দাবি, মূল লক্ষ্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

অগ্নিমিত্রার কথায়, ‘‘জরিমানা করে টাকা তোলাই উদ্দেশ্য নয়। আমরা চাই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন শহর সুন্দর হোক।’’ তাঁর বক্তব্য, সরকারের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। নাগরিকদের মধ্যেই এই বোধ তৈরি করতে হবে যে, ‘‘এটা আমারও শহর, আমারও রাজ্য।’’

তবে নতুন ব্যবস্থা চালুর সময় পরিকাঠামোর ঘাটতির কথাও স্বীকার করেছেন মন্ত্রী। তাঁর দাবি, বিভিন্ন বাজার, হাট এবং রেল স্টেশনের কাছে ডাস্টবিন বসানোর কাজ চলছে। পাশাপাশি প্রয়োজনীয় জায়গায় শৌচালয় তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। বসত এলাকায় ডাস্টবিন না রেখে বাড়ির আবর্জনা পৃথক দু’টি প্যাকেটে করে সাফাইকর্মীদের হাতে তুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্লাস্টিকের ব্যবহার কমাতেও বিকল্প ব্যবস্থা করছে পুর ও নগরোন্নয়ন দফতর। বাজারগুলিতে বসানো হবে ব্যাগের ভেন্ডিং মেশিন। ভুট্টার দানা থেকে তৈরি ব্যাগ পাওয়া যাবে এক টাকা দামে। কাপড়ের ব্যাগের দাম হবে পাঁচ থেকে দশ টাকা। তবে গোটা রাজ্যে এই ব্যবস্থা চালু করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন মন্ত্রী।

প্রকাশ্যে থুতু ফেলা বা বেআইনি ভাবে বর্জ্য ফেলার ক্ষেত্রে আগেও জরিমানার বিধান ছিল। ২০১৯ সালের সংশোধিত পুর আইনে সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানার সুযোগ ছিল। কলকাতায় বেআইনি ভাবে বর্জ্য ফেললে ৫০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে। অভিযোগ, এত দিন সেই নিয়ম কার্যকর হয়নি যথেষ্ট। এ বার নতুন করে তা কতটা বাস্তবায়িত হয়, নজর থাকবে সে দিকেই।