চলন্ত ট্রেনে আগুন, আগুন ছড়াল তিনটি কামরায়

অমৃতসর থেকে সহর্ষাগামী গরিব রথ এক্সপ্রেসে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লাগল। হুড়োহুড়ি পড়ে গেল যাত্রীদের মধ্যে

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ট্রেনের প্রায় তিনটি কামরা ভস্মীভূত হয়ে গেল। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গেল যাত্রীদের মধ্যে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। পঞ্জাবের অম্বালা ও সিরহিন্দ স্টেশনের মাঝে সহর্ষাগামী গরিব রথ এক্সপ্রেস আসতেই এই আগুন দেখতে পাওয়া যায়। অমৃতসর থেকে সহর্ষাগামী গরিব রথ এক্সপ্রেসে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লাগে বলে জানাচ্ছেন অনেকে। আগুন লাগার কিছু সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে একের পর এক কামরায়। ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সকলে নিরাপদ কামরার দিয়ে যাওয়ার জন্য দৌড়োদৌড়ি শুরু করেন। তবে কী ভাবে এই আগুন লাগল? তা নিয়েও উঠছে প্রশ্ন। প্রাথমিক অনুমান অনুযায়ী, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। প্রথমে ট্রেনের ১৯নম্বর কামরা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ার সিগন্যাল পাওয়া মাত্রই লোকোপাইলট ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেন থামা মাত্রই হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে। সকলেই প্রাণ বাঁচাতে মালপত্র নিয়ে ট্রেন থেকে নামতে শুরু করে দেন। হুড়োহুড়িতে বেশ কিছু যাত্রী আহতও হন।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। এক ঘণ্টার যুদ্ধকালীন তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে দমকল। তবে ঠিক কোন কারণের জন্য এই আগুন লাগে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ। তবে এই ঘটনার ফলে কোনও গুরুতর আহত হওয়ার খবর নেই। একটি কামরায় আগুন লাগার পর কীভাবে এত দ্রুত তা পরের দুটি কামরায় ছড়িয়ে পড়লো তা এখনও অজানা।

একজন যাত্রীর থেকে জানতে পারা যাচ্ছে,  হঠাৎ একটা ঝাঁকুনির হয়, তারপরই ট্রেন থেমে যায়। তারপরই চারদিকে চেঁচামেচি শুনতে পারা যায়। অনেকে এই হুড়োহুড়ির কারণে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। ততক্ষণে খবর চারদিকে ছড়িয়ে পড়েছে যে চলন্ত ট্রেনে আগুন ধরেছে। এই খবর পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে, ১২২০৪ অমৃতসর-সহর্ষা এক্সপ্রেস যখন ভাটিন্ডা স্টেশন পেরোচ্ছিল তখনই আগুন লাগে। তখনই ট্রেনের কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পার্শ্ববর্তী স্টেশনে ট্রেনটি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু করে দিয়েছে রেল।