২ ঘণ্টার চেষ্টায় বিড়ালকে উদ্ধার করল দমকল

মানবতার জয়! এলাকার মানুষের সচেতনতা, বিধায়ক সঞ্জয় সিং-এর তৎপরতা ও দমকলের ২ ঘণ্টার চেষ্টায় ৩ দিন পর জীবিত উদ্ধার হলো আটকে থাকা পুঁচকে বিড়াল!

রণজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা : কোনো বড় কাজের পেছনে আসল শক্তি হলো সাধারণ মানুষের সচেতনতা ও ঐক্য। আর তার প্রমাণ মিললো আজ। গত তিনটি দিন ধরে একটি ৪ তলা ভবনের ৩ তলায় (যেখানে একটি ব্যাংক রয়েছে), ঠিক এসির নিচে কার্নিশে আটকে পড়েছিল একটি পুঁচকে বিড়াল। অবিরত চিৎকার করে নিজের কষ্টের কথা জানাচ্ছিল অবলা প্রাণীটি।


আশেপাশের প্রতিবেশীরা তাকে বাঁচাতে সাধ্যমতো চেষ্টা করেছিলেন, খাবার দেওয়ার চেষ্টা করলেও আতঙ্কের কারণে সে কিছুই মুখে তোলেনি। আজ শনিবার ব্যাংক বন্ধ থাকায় ভেতর থেকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। সবাই যখন চিন্তিত, তখন এলাকার সাধারণ মানুষ ও প্রতিবেশীরা হাত গুটিয়ে বসে থাকেননি। তাঁরাই উদ্যোগ নিয়ে বিষয়টি স্থানীয় মাননীয় বিধায়ক সঞ্জয় সিং মহাশয়কে জানান। এলাকার মানুষের এই তৎপরতাই আসল কাজ করেছে; কারণ তাঁরা যদি সঠিক সময়ে বিধায়ককে না জানাতেন, তবে হয়তো প্রশাসন এই বিপদের কথা জানতেই পারত না! এলাকাবাসীর কাছ থেকে খবর পাওয়ামাত্রই বিধায়ক সঞ্জয় সিং মহাশয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেন এবং নিজে সরাসরি ফায়ার স্টেশনে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। বিধায়কের ফোন পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বালি ফায়ার স্টেশনের একটি দল। অবশেষে বালি দমকল কেন্দ্রের সাব-অফিসার বাপন কুমার বাকুলি এবং তাঁর দলের প্রায় ২ ঘণ্টার অক্লান্ত ও ঝুঁকিপূর্ণ (ক্লাইম্বিং করে) চেষ্টার পর বিড়ালটিকে সম্পূর্ণ জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরপরই বিড়ালটি নিরাপদে ছুটে পালিয়ে যায়।