শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে নতুন করে উত্তপ্ত ঢাকার কূটনৈতিক মহল। বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একে একে বৈঠকে বসলেন ভারত, আমেরিকা, ব্রিটেন, চিন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। ঢাকার বিদেশ মন্ত্রকে এখনও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক চলছে বলে খবর। একই দিনে পাঁচ গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রতিনিধির এই তৎপরতা ঘিরে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
সকাল থেকেই পৃথক বৈঠকে অংশ নেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চিনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। কূটনৈতিক সূত্রের দাবি, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা।
হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চান বলে খবর। কিন্তু তাঁকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আইনি অনুমতি দিতে রাজি নয় তারেক রহমানের সরকার। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক স্পষ্ট করে দিয়েছেন, শেখ হাসিনা বা তাঁর দল আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দানে ফেরার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে কড়া বার্তাও দিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতেই বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। সূত্রের দাবি, বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রীকে হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন কয়েক জন বিদেশি কূটনীতিক। তাঁদের যুক্তি, আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে কতটা যুক্তিযুক্ত, তা বিবেচনা করা প্রয়োজন। হাসিনা যদি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান, তবে তাঁকে সেই সুযোগ দেওয়ার পক্ষেও মত এসেছে বলে খবর।
গত সপ্তাহেও ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের দীর্ঘ বৈঠক হয়েছিল। সেখানেও হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি আলোচনায় এসেছিল বলে কূটনৈতিক সূত্রের দাবি।
তবে বিএনপির অবস্থান অনড়। দলের মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেছেন, হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে বাংলাদেশের জনগণ। কোনও বিদেশি শক্তি চাপ দিয়ে তাঁকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর চেষ্টা করলে তার ফল ভাল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি, এমন চাপ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তাই ঢাকার অন্দরে এখন প্রশ্ন একটাই—বিদেশি কূটনীতিকদের বার্তা কি তারেক সরকারের অবস্থান বদলাতে পারবে?