কালীপুজোর এবার ফুটবল-ইতিহাস। ২৮তম বর্ষে পদার্পণ করল জগদ্দল গোটবেড়িয়া মিলন সংঘের কালীপুজো। এবার তাদের মণ্ডপের থিম ‘মোহনবাগান: দ্য গ্লোরি লাইফ অন’। গোটবেড়িয়া মিলন সংঘের মণ্ডপে পা রাখলেই চোখের সামনে ভেসে উঠবে ১৯১১ সালের সেই ঐতিহাসিক মুহূর্ত। মোহনবাগানের শিল্ড ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার বিভিন্ন দিক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা
১৯১১ সালে মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ব্রিটিশদের পরাজিত করে আইএফএ শিল্ড জয় করে দেশের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখিয়েছিল। সেই ঐতিহাসিক সূচনার পর বহু বছর কেটে গেছে, আর প্রতিটি যুগে মোহনবাগান আরও নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
এটি শুধু একটি সাফল্য নয়, বরং বহু অর্জনের ধারাবাহিকতা। মোহনবাগানই বাংলার প্রথম ক্লাব হিসেবে এই গৌরব অর্জন করেছে। মোহনবাগান কেবল ইতিহাস সৃষ্টি করেনি, বরং ভারতীয় ক্লাব ফুটবলের পথপ্রদর্শক হয়ে উঠেছে। এই গৌরবময় যাত্রাই প্রমাণ করে কেন মোহনবাগানকে বলা হয় ‘ভারতের জাতীয় ক্লাব’।
পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, ট্রেজারার সন্দীপন ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার প্রশান্ত চ্যাটার্জী, প্রতাপ ঘোষ, অভিলাষ পাল ও দি প্রভাত ঘোষ। তাঁদের উপস্থিতিতে জমে ওঠে অনুষ্ঠান। মণ্ডপ দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।