১,০০০ কোটির বিনিয়োগে কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাজ্যে নতুন সরকার গঠনের মাত্র দু’মাসের মধ্যেই শিল্পায়নের পথে আরও একটি বড় পদক্ষেপের ঘোষণা। ডানকুনি ও লাক্স কোজির প্রকল্পের পর এ বার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি।
শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, প্রায় ১,০০০ কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা এই প্রকল্প চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই কারখানাকে কেন্দ্র করে একাধিক আনুষঙ্গিক শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া-সহ সংলগ্ন জেলার শিল্প ও আর্থ-সামাজিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
অনুষ্ঠানের মঞ্চ থেকে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, বাংলার যুবকদের আর কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিতে হবে না। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য। তাঁর দাবি, আগামী পাঁচ বছরে শিল্পক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন ঘটবে। তিনি জানান, মোট ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১০ হাজার কোটি টাকা আসবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) ক্ষেত্রে। এই শিল্পায়নকে ঘিরে প্রায় ৭৫ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শিল্পায়নকে রাজ্যের অগ্রাধিকারের বিষয় বলে উল্লেখ করেন। তাঁর দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত দু’মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজির মতো সমস্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘শ্যাম স্টিলের হাত ধরে বাংলায় ১,০০০ কোটি টাকার বিনিয়োগ আসছে। এর ফলে বহু কর্মসংস্থান হবে। যাঁরা কাজের জন্য রাজ্যের বাইরে চলে গিয়েছিলেন, তাঁদের অনেকেই নিজের রাজ্যেই কাজের সুযোগ পাবেন।’’
শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানকে সামনে রেখে রাজ্যের নতুন সরকারের এই উদ্যোগ ভবিষ্যতের শিল্পনীতির দিকনির্দেশ হিসেবেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।