যন্তরমন্তরে ককরোচ: দেশে প্রথম জেন-জি আন্দোলন!

নিট কেলেঙ্কারি নিয়ে যন্তরমন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব অভিজিৎ দীপকে

মাম্পি রায়, সাংবাদিক : নিট (NEET) প্রশ্নফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভে শামিল হল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মঞ্চ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেন, দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন হয়েছে এবং তার দায় এড়াতে পারেন না শিক্ষামন্ত্রী।

দীপকে বলেন, “শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তেই হবে। এই আন্দোলন কোনও ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষার জন্য।” একই সঙ্গে তিনি দাবি করেন, আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথেই চালানো হবে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচির অনুমতি দেয় দিল্লি পুলিশ। নিরাপত্তার স্বার্থে যন্তরমন্তর ও সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে সংগঠনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অনুমতি না মিললেও শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে তারা সরে আসবে না।

শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হয়েছিলেন পরিবেশবিদ সোনম ওয়াংচুকও।

বিক্ষোভকে ঘিরে সমর্থকদের জন্য বিশেষ নির্দেশিকাও জারি করেছিল সিজেপি। হাতে জাতীয় পতাকা ও বই নিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি, কোনও ধরনের উস্কানিতে পা না দেওয়া, কর্মসূচির ঘটনাবলি ভিডিও রেকর্ড করা এবং তীব্র গরমের কথা মাথায় রেখে পর্যাপ্ত জল ও প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়।

এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে শুক্রবার রাতে দিল্লিতে পৌঁছন অভিজিৎ দীপকে। বিমানবন্দরে তাঁর সঙ্গে দেখা করেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। পরে যন্তরমন্তরে সমাবেশের অনুমতিপত্র হাতে পাওয়ার পর তিনি সমর্থকদের সরাসরি প্রতিবাদস্থলে পৌঁছনোর আহ্বান জানান। বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁর হাতে ডঃ বি. আর. আম্বেদকরের বই দেখা যায়।

সম্প্রতি দেশের যুবসমাজ সম্পর্কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটেই গত মে মাসে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে ‘ককরোচ জনতা পার্টি’। অল্প সময়ের মধ্যেই সমাজমাধ্যমে সংগঠনটি ব্যাপক পরিচিতি লাভ করে।

নিট প্রশ্নফাঁস বিতর্ক সামনে আসার পর থেকেই অভিজিৎ দীপকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর ডাক দিয়ে আসছেন। এক ভিডিওবার্তায় তিনি বলেন, “সংবিধানের পথে থেকে দেশের ভবিষ্যৎ রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে। ভয় নয়, গণতান্ত্রিক প্রতিবাদই আমাদের শক্তি।”