ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে চার অ্যাথলিটের হাতে ২০২৫ সালের অর্জুন পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছেন কবাডি খেলোয়াড় পূজা ও সুরজিৎ এবং হকি খেলোয়াড় লালরেমসিয়ামি ও রাজকুমার পাল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
কবাডিতে বিশেষ কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন পূজা। হাংঝাউ এশিয়ান গেমস এবং ষষ্ঠ এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন তিনি। একইভাবে কবাডিতে সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন সুরজিৎও। হাংঝাউ এশিয়ান গেমস এবং বুসান এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে পদক জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর।
অন্যদিকে, হকিতে দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লালরেমসিয়ামি। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যে অবদান রেখেছেন তিনি। সেই কৃতিত্বের স্বীকৃতি হিসেবেই তাঁর হাতে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হয়। হকি খেলোয়াড় রাজকুমার পালও পেয়েছেন ২০২৫ সালের অর্জুন পুরস্কার। প্যারিস অলিম্পিক্স এবং হুলুনবুইর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
প্রসঙ্গত, প্রতি বছর ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্রের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত চার বছরের ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, খেলোয়াড়সুলভ মনোভাব এবং শৃঙ্খলার স্বীকৃতি হিসেবেই দেওয়া হয় অর্জুন পুরস্কার।
এছাড়া, ফুটবলে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে প্রাক্তন ভারতীয় ফুটবলার ও কোচ অরুমাইনায়াগমকে অর্জুন পুরস্কার (লাইফটাইম) দেওয়া হয়েছে।অন্যদিকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড়দের সাফল্যের জন্য ধারাবাহিকভাবে প্রশিক্ষণ ও গুরুত্বপূর্ণ অবদান রাখা কোচদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। ক্রীড়াক্ষেত্রে তাঁদের অসামান্য কাজের স্বীকৃতি দিতেই এই সম্মান প্রদান করা হয়।