দেবরাজ চক্রবর্তীর মামলায় বারাসত আদালতে চার্জগঠন

সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে।

সত্যজিৎ চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতা : বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূল নেত্রী অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মামলায় আজ বারাসত আদালতে চার্জগঠন হল। সিন্ডিকেট অপরাধ, তোলাবাজি-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার সিন্ডিকেট অপরাধ সংক্রান্ত বিধানেও চার্জগঠন হয়েছে। এই ধারায় কোনও মামলায় এটিই প্রথম চার্জগঠন বলে আদালত সূত্রে দাবি করা হয়েছে। তদন্তকারী সংস্থার জমা দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই আদালতে চার্জগঠন হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে অগস্টে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে প্রায় ১৫০০ পাতার একটি চার্জশিট বারাসত আদালতে জমা দিয়েছিল পুলিশ। সেখানে সিন্ডিকেট পরিচালনা ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগের উল্লেখ ছিল এবং ১১ জন সাক্ষীর বয়ান থাকার কথা জানানো হয়েছিল।

এদিন মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়েছে বলে জানা গিয়েছে। চার্জগঠনের পর আগামী সপ্তাহ থেকে মামলার বিচারপর্বে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা।

দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও একটি সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত মামলাতেও তদন্ত চলছে বলে জানা গিয়েছে। তবে সেই মামলার পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তদন্তকারী সংস্থা বা আদালতের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।