এবার ঘটনাস্থল হরিদেবপুর। হরিদেবপুরের এক ফ্ল্যাটে গণধর্ষণের শিকার হলেন এক বছর কুড়ির তরুণী। অভিযুক্ত দুই যুবকই পলাতক।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ- আরজিকর কসবা এরপর হরিদেবপুর। জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই পূর্ব পরিচিত ব্যক্তির বিরুদ্ধে। হরিদেবপুর থানার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ২০ বছরের ওই তরুণী। অভিযোগ, সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানায় কেস নং ৫১৩, তারিখ ০৬.০৯.২০২৫ রুজু হয়েছে। এফআইআরে নাম রয়েছে অভিযুক্ত চন্দন মালিক ও দীপ ওরফে দেবাংশু বিশ্বাসের। অভিযোগ, ৫ সেপ্টেম্বর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে চন্দন মালিক ওই তরুণীকে নিয়ে যায় দীপের বাড়িতে, এরপর দু’জনে মিলে তাঁকে ধর্ষণ ও মারধর করে। পরদিন সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ অভিযুক্তের বাড়ি থেকে কোনওরকমে পালাতে সক্ষম হন ভুক্তভোগী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তরুনী জানিয়েছেন, ধৃতদের মধ্যে এক যুবকই প্রথম তাঁকে অন্য এক যুবকের বাড়িতে নিয়ে যান। তারপরই ঘটে যায় ওই নারকীয় ঘটনা। ধর্ষণের পর দীর্ঘক্ষণ নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ। অবশেষে দীর্ঘ সময় পর কোনওমতে ওই বাড়ি ছাড়তে সক্ষম হন তরুণী। পরিবারের সদস্যদের সবটা খুলে বলেন। তারপর সোজা চলে যান পুলিশের কাছে। পুলিশ ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। তরুণীর পাশাপাশি কথা বলা হচ্ছে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গেও। দুই যুবকের খোঁজেও জোরকদমে শুরু হয়েছে তল্লাশি।
শহর কলকাতায় একের পর এক যেভাবে ধর্ষণের মত ঘটনা ঘটে চলেছে তাতে করে এই কলকাতা মহিলাদের জন্য ঠিক কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার, কর্মক্ষেত্র বাড়ি রাস্তা শিক্ষাঙ্গন ঠিক কোনখানে মেয়েরা নিরাপদ তা নিয়ে লাগাতার প্রশ্নে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ? কিন্তু পরিস্থিতি কি আদৌ এতটুকুও বদলেছে?